জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাড়হিম বন্যাছবি! টানা বৃষ্টি ও বন্যা-ধসে (Floods and Landslides) মর্মান্তিক পরিস্থিতি ভিয়েতনামে (Vietnam)। গত সপ্তাহের শেষ থেকে এ পর্যন্ত সেখানে প্রাকৃতিক এই দুর্যোগে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ অন্তত ৯ জন! তাঁদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।
৫ ফুট জলের তলায়
জানা গিয়েছে, বন্যার জলে ৫২ হাজারের বেশি বাড়িঘর ডুবে গিয়েছে। পাঁচ লাখেরও বেশি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। গত তিন দিনে ভিয়েতনামের কয়েকটি এলাকায় ১.৫ মিটারের (৫ ফুট) বেশি বৃষ্টি হয়েছে। কিছু অঞ্চলে বন্যার জলের উচ্চতা ১৯৯৩ সালের বন্যার সময়ে হওয়া সর্বোচ্চ ৫.২ মিটারের রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে।
নেমে এল নতুন দুর্যোগ
সবচেয়ে ক্ষতির শিকার হওয়া এলাকাগুলির মধ্যে রয়েছে উপকূলীয় শহর হোই আন ও না ত্রাং। এ দু’টি জায়গা কফি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। সেখানকার কৃষকেরা এখনও আগের ঝড়গুলির প্রভাব কাটিয়ে উঠতে পারেননি। আর তারই মধ্যে নেমে এল এই নতুন দুর্যোগ। বিভিন্ন কাগজে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, ঘরে জল ঢুকে যাওয়ায় মানুষ বাড়ির ছাদে আটকে পড়েছেন। অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, লাম দং প্রদেশে বন্যার তোড়ে একটি ঝুলন্ত সেতু খুলে পড়ে যাচ্ছে!
জরুরি অবস্থা
ভিয়েতনাম ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে। কারণ, ভূমিধসে প্রধান সড়ক ও মহাসড়কগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসে প্রধান সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রদেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। জনপ্রিয় পর্যটন শহর দা লাতের প্রবেশপথ হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ সড়ক মিমোসা পাসের একটি অংশ ধসে পড়েছে। এতে ওই পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। একটি বাস অল্পের জন্য রক্ষা পায়। বন্যাকবলিত অঞ্চলগুলোর হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে আশ্রয়শিবির তৈরি করার জন্য সেনা ও পুলিস একযোগে কাজ করছে।
সাম্প্রতিক ভিয়েতনাম
সাম্প্রতিক মাসগুলিতে ভিয়েতনামে বারবার চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা গিয়েছে। কয়েক সপ্তাহের ব্যবধানে হওয়া দু’টি বড় ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন এখনও থেকে গিয়েছে এর গায়ে। সরকারি হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভিয়েতনামের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২০০ কোটি ডলার।
(Feed Source: zeenews.com)
