
কলকাতা: টেলিসম্মান অ্যাওয়ার্ড পেয়েছেন চন্দন সেন (Chandan Sen)। টেলিসম্মান অ্যাওয়ার্ডে ১ লক্ষ টাকা পেয়েছেন তিনি। খবর, সেই টাকা তিনি নাকি বিলিয়ে দিয়েছেন বিভিন্ন সমাজসেবামূলক কাছে। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছেন, অভিনেতা দেবদূত ঘোষ (Devbdut Ghosh)। এরপর থেকেই সেই খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। লেখাটি আসলে বিপুল ভট্টাচার্যের। সেটিই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। অভিনেতাকে সাধুবাদ জানিয়েছেন তাঁর সমস্ত অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষ। কিন্তু কোথায় কোথায় এই টাকা দিয়েছেন অভিনেতা চন্দন সেন?
বিপুল ভট্টাচার্যের লেখা থেকেই জানা যায়, তিনি পুরস্কার পাওয়ার দিনই ফোন করেছিলেন চন্দন সেনকে। যদিও এই প্রথম নয়, এর আগেও সরকারি পুরস্কার পেয়েছিলেন চন্দন সেন। আগেরবারও, সেই সমস্ত টাকা তিনি চা বাগানের শ্রমিকদের হাতে তুলে দিয়েছিলেন, তাঁদের দুর্দশা যাতে কিছুটা হলেও দূর হয়। সেই কারণেই, বিপুল ভট্টাচার্য তাঁকে ফোন করে জানতে চেয়েছিলেন, এবার টেলিসম্মান অ্যাওয়ার্ডের ১ লাখ টাকা নিয়ে তিনি কী করবেন? কার্যত প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই চন্দন সেন হোয়াটসঅ্যাপ চেক করতে বলে ফোন ছেড়ে দেন। এরপরে বিপুল ভট্টাচার্য দেখেন, চন্দন সেন ইতিমধ্যেই গোটা টাকাটা ৪টি সংস্থাকে দিয়ে দিয়েছেন।
বিপুল ভট্টাচার্য্যের লেখা থেকেই জানা যায়, ৪টি সংস্থার মধ্যে একটি ক্যানসার আক্রান্ত শিশুদের NGO, দ্বিতীয়টি একটি সংক্রামক ব্যাধি প্রতিরোধক পরিষেবা দেওয়া প্রতিষ্ঠান। তৃতীয়টি একটি সামাজিক সেবা প্রতিষ্ঠান। চতুর্থটি অভয়া মঞ্চ। যে আরজিকর ঘটনার প্রতিবাদ করার জন্য টলিউডে কাজ হারিয়েছেন একাধিক শিল্পী, সেই আরজি কর মঞ্চেই সরকারি টাকা দান করে দিয়েছেন চন্দন সেন। অভিনেতা নিজের ক্যানসারে আক্রান্ত। একটা সময়ে অনুরাগীরা তহবিল করে ক্যানসারের চিকিৎসা করিয়েছিলেন তাঁর। এখন অভিনেতা অনেকটাই সুস্থ, কাজ ও করছেন পুরোদমে। চন্দন সেন বিশ্বাস করেন, সরকারি সম্মানের অর্থ জনগণের। সেই কারণেই তিনি সমস্ত টাকা এই চারটি সংস্থার হাতে তুলে দিয়েছে। জনগণের টাকা ফিরিয়ে দিয়েছেন জনগণকেই।
অভিনেতা থেকে শুরু করে সাধারণ মানুষ, অনুরাগী.. প্রত্যেকেই অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন এই কাজের জন্য। অভিনেতা দেবদূত ঘোষ ও এই লেখা শেয়ার করে নিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন শিল্পীকে। শুধু ছোটপর্দা নয়, মঞ্চ থেকে শুরু করে বড়পর্দা, প্রত্যেকটি ক্ষেত্রেই সমানভাবে কাজ করছেন চন্দন সেন।
(Feed Source: abplive.com)
