
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মানবিকতার দৃষ্টান্ত! পুরস্কারের অর্থ দিয়ে নিজের জন্য কিছু না করে, সেই সম্পূর্ণ অর্থ সমাজের কাজে উৎসর্গ করলেন অভিনেতা চন্দন সেন। সম্প্রতি ‘টেলিসম্মান অ্যাওয়ার্ড’ (Telesamman Award) প্রাপ্তির পর, পুরস্কারের অর্থমূল্য ১ লক্ষ টাকা তিনি চারটি ভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছেন। অভিনেতার এই উদার মানসিকতার খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন তাঁর সহকর্মী দেবদূত ঘোষ (Devbdut Ghosh)।
বিপুল ভট্টাচার্যের লেখা একটি পোস্ট থেকে জানা যায়, চন্দন সেন এই প্রথমবার সরকারি পুরস্কারের অর্থ দান করলেন না। এর আগেও তিনি সরকারি পুরস্কারের টাকা চা বাগানের দুঃস্থ শ্রমিকদের কল্যাণে ব্যয় করেছিলেন।
জানা যায়, বিপুল ভট্টাচার্য চন্দন সেনকে ফোন করে এবারের পুরস্কারের অর্থ নিয়ে তাঁর পরিকল্পনার কথা জানতে চাইলে, অভিনেতা তাঁকে হোয়াটসঅ্যাপ চেক করতে বলেন। বিপুলবাবু দেখেন, চন্দন সেন ইতিমধ্যেই ১ লক্ষ টাকা চারটি সেবাসংস্থায় দান করে দিয়েছেন। অভিনেতা চন্দন সেন বিশ্বাস করেন, “সরকারি সম্মানের অর্থ জনগণের।” সেই বিশ্বাস থেকেই তিনি এই অর্থ সরাসরি জনগণের সেবায় নিয়োজিত সংস্থাগুলির হাতে ফিরিয়ে দিয়েছেন।
অভিনেতার দান করা অর্থ যে চারটি প্রতিষ্ঠান পেয়েছে, তার মধ্যে রয়েছে, ক্যানসার আক্রান্ত শিশুদের একটি এনজিও, সংক্রামক ব্যাধি প্রতিরোধক পরিষেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান, একটি সামাজিক সেবা প্রতিষ্ঠান ও অভয়া মঞ্চ।
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, চন্দন সেন যে আরজিকরের প্রতিবাদে সরব টলিউডের শিল্পীদের প্রতি সংহতি জানিয়েছেন, সেই মঞ্চের নামেই একটি সংস্থাকে সরকারি অর্থ দান করেছেন। নিজেই একসময় ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন চন্দন সেন এবং অনুরাগীদের সাহায্যে সুস্থ হয়ে ফিরে এসেছেন। এখন তিনি পুরোদমে মঞ্চ ও ছোটপর্দায় কাজ করে চলেছেন। তাঁর এই মানবিক পদক্ষেপের জন্য অভিনেতা দেবদূত ঘোষ সহ সাধারণ মানুষ এবং অনুরাগীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
(Feed Source: zeenews.com)
