
বেঙ্গালুরু: ব্যাট করতে নেমে শুরুতেই এক নজির গড়েছিলেন। লিস্ট এ ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ১৬ হাজার রান পূরণ করেছিলেন। এবার বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) প্রত্যাবর্তন ইনিংসে শতরান হাঁকিয়ে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli)। ২০১০ সালের পর ২০২৫। ১৫ বছর পর বিজয় হাজারে টুর্নামেন্টে খেলতে নেমে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ৮৩ বলে শতরান পূরণ করে ফেললেন কিং কোহলি। লিস্ট এ ক্রিকেটে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান হাঁকিয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি ৬০টি শতরান করেছিলেন। বিরাটের ৫৮ তম শতরান হয়ে গেল। মাস্টারের রেকর্ড কি অক্ষত থাকবে? না কি এখানেও কিছুদিনের মধ্য়ে বিরাট দখল নেবেন?
প্রথমে ব্যাটিং করতে নেমে নীতীশ রেড্ডির অন্ধ্র প্রদেশ ৮ উইকেট হারিয়ে ২৯৮ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্যাটিং করতে নেমে দিল্লির হয়ে ওপেনে নেমেছিলেন প্রিয়াংশ আর্য ও অর্পিত রানা। অর্পিত খাতা খোলার আগেই ফিরে যান। এরপরই নিজের চিরাচরিত তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নামেন কোহলি। প্রথমে প্রিয়াংশের সঙ্গে জুটি বেঁধে ও পরে নীতীশ রানার সঙ্গে জুটি বেঁধে দিল্লিকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান বিরাট। রোহিতও এদিন সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তার কিছুক্ষণ পরেই বিরাটও শতরান পূরণ করেন। ৮৩ বলে শতরান পূরণ করা বিরাট শেষ পর্যন্ত ১০১ বলে ১৩১ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন। নিজের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। রানা ৭৭ রান করেন। তবে ততক্ষণে দিল্লির জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ৩৭.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি।
শতরান হাঁকালেন রোহিত শর্মাও
এদিকে, আট বছর পর বিজয় হাজারে খেলতে নামলেন রোহিত শর্মা। আর নেমেই শতরান হাঁকিয়ে ফেললেন। সিকিমের বিরুদ্ধে খেলতে নেমে হেসেখেলে জয় ছিনিয়ে নিল মুম্বই। ম্য়াচের সেরাও নির্বাচিত হলেন রোহিত। প্রথমে ব্যাটিং করতে নেমে সিকিম ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৬ রানই বোর্ডে তুলতে পারে। জবাবে মুম্বই ৩০.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয়। রোহিত শর্মা ৯৪ বলে ১৫৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন। নিজের ইনিংসে ১৮ টি বাউন্ডারি ও ৯টি ছক্কা হাঁকান। শার্দুল ঠাকুরের নেতৃত্বে বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমেছে মুম্বই শিবির। প্রথম থেকেই ম্যাচে সবার নজর ছিল রোহিত শর্মার ওপর। ৩৮ পেরিয়ে ফের ঘরোয়া ক্রিকেটে উদ্যমের সঙ্গে খেলছেন। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের আগে ম্যাচফিট নিজেকে রাখার জন্য প্রত্যেক ক্রিকেটারকেই ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছে বিসিসিআই। সেই মতই রোহিতকে দেখা যাবে কয়েকটি ম্য়াচে বিজয় হাজারেতে মুম্বইয়ের জার্সিতে খেলতে। আর প্রথম ম্য়াচে খেলতে নেমেই শতরান হাঁকিয়ে ফেললেন হিটম্য়ান।
(Feed Source: abplive.com)
