Windows Productions: উইন্ডোজের রজতজয়ন্তীতে ডাবল চমক ! আসছে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ এবং ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’

Windows Productions: উইন্ডোজের রজতজয়ন্তীতে ডাবল চমক ! আসছে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ এবং ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা চলচ্চিত্র জগতে ২৫ বছরের সাফল্য উদযাপন করছে উইন্ডোজ প্রোডাকশন। এই বিশেষ মুহূর্তে প্রযোজক-পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় ঘোষণা করলেন তাঁদের নতুন ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। একই সঙ্গে ফিরছে তাঁদের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বহুরূপী’-র নতুন অধ্যায় ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’।

‘ফুল পিসি ও এডওয়ার্ড’ একটি রহস্য-নাট্যধর্মী ছবি, যেখানে আবেগ ও সাসপেন্সের মিশেলে তৈরি হয়েছে এক জটিল গল্প। ছবির অভিনয়তালিকায় রয়েছেন সহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা ব্যানার্জি, শ্যামৌপ্তি মুদলি, ঋষভ বসু ও সৌম্য মুখোপাধ্যায়। সংগীত পরিচালনায় রয়েছেন জয় সরকার এবং গানে কলম ধরেছেন শ্রীজাত যা ছবির আবেগকে আরও গভীরতা দেবে।

নন্দিতা-শিবপ্রসাদ বলেন, ‘উইন্ডোজের সঙ্গে ২৫ বছরের পথচলা আমাদের কাছে অত্যন্ত আবেগের। ফুল পিসি ও এডওয়ার্ড সেই ধরনের গল্প, যা আমরা বলতে ভালোবাসি-মূল্যবোধে ভরপুর, চরিত্রনির্ভর এবং আবেগঘন।’

অন্যদিকে, ‘বহুরূপী’-র প্রথম পর্ব বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছিল। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এবার ফিরছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। ছবিটি সহ প্রযোজনা করবেন সঞ্জয় আগরওয়াল। বর্তমানে ছবির চিত্রনাট্য নির্মাণের কাজ চলছে। নির্মাতারা জানিয়েছেন, এবার আরও বড় ক্যানভাসে, আরও গভীর গল্প নিয়ে ফিরবে বহুরূপী।

নন্দিতা-শিবপ্রসাদ বলেন, ‘বহুরূপী আমাদের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি। দর্শকদের ভালোবাসাই আমাদের এই নতুন অধ্যায় শুরু করতে অনুপ্রাণিত করেছে। আমরা এই জগৎকে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে চাই।’

উইন্ডোজ প্রোডাকশনের এই ঘোষণা বাংলা সিনেমার দর্শকদের জন্য নিঃসন্দেহে এক বড় উপহার। এবার অপেক্ষা, এই দুই ছবির পর্দায় আসার।

(Feed Source: zeenews.com)