
আলিয়া চিরকালই খুব বেছে সিনেমা করেন। যত তাঁর অভিজ্ঞতা বেড়েছে, ততই তিনি ছবির চিত্রনাট্য নিয়ে সচেতন হয়েছেন। তবে মা হওয়ার পরে, উল্লেখযোগ্য ভাবে শ্যুটিং করা কমিয়েছেন আলিয়া। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকার অনুযায়ী, আলিয়া শরীরের ওপর চাপ দিয়ে শ্যুটিং করার থেকে এখন একটু আরাম করে বা একটু ধীরে শ্যুটিং করার পন্থা অবলম্বন করছেন। আলিয়ার কথায়, ‘আমি আমার কেরিয়ারটাকে অধ্যায় বা কেরিয়ারের মাইলস্টোন হিসেবে কিছু মনে করি না। আগে আমি যেভাবে সিনেমার চিত্রনাট্য পছন্দ করতাম, এখনও সেভাবেই সিনেমার চিত্রনাট্য পছন্দ করি। আমি এখনও নতুন নতুন চরিত্রের চ্যালেঞ্জ নিয়ে ভালবাসি। কমফোর্ট জোনের বাইরে কাজ করতে ভালবাসি।’
আলিয়া আরও যোগ করেন, ‘তবে হ্যাঁ, একটা কথা স্বীকার করতেই হবে যে, আগে আমি যেরকম তাড়াতাড়ি আর যতগুলো কাজ করতাম, সেটা আমি এখন আর করি না। কারণ আমার একটা সন্তান রয়েছে। তবে আমার এই সিদ্ধান্তটা আমার জন্য আরামদায়ক আর হ্যাঁ, এই সিদ্ধান্তটা নিয়ে আমি ভীষণ খুশি। আমি এখন বছরে একটা সিনেমা করতে চাই আর সেই সিনেমাটাতেই নিজের সেরাটা দিতে চাই। আগে আমি একসঙ্গে ২-৩টে সিনেমায় কাজ করতাম। কিন্তু এখন আমি আর সেইভাবে কাজ করতে চাই না।’
অভিনেত্রী আরও বলেন, ‘সিনেমা এমন একটা জিনিস, যেটা আমায় ভীষণ খুশি করে। কেবল অভিনেত্রী হিসেবে নয়, আমি বিভিন্নভাবে একটা সিনেমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি। আমি প্রযোজনা করছি। আমি আরও কিছু প্রোজেক্ট নিয়ে কাজ করছি যেগুলো আগামী বছর ফ্লোরে যাবে। আমি নিজে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবেও সিনেমার সঙ্গে যুক্ত রয়েছি। আমার কেরিয়ারে যখন যা পরিস্থিতি এসেছে, সেটাই আমি খোলা মনে আর সাহসের সঙ্গে গ্রহণ করেছি।’
(Feed Source: abplive.com)
