‘আমার অতীত অধ্যায়.. ধনশ্রী ও ভাল আছে, আর আমি ও..’, প্রাক্তন স্ত্রীকে নিয়ে মুখ খুললেন যুজবেন্দ্র

‘আমার অতীত অধ্যায়.. ধনশ্রী ও ভাল আছে, আর আমি ও..’, প্রাক্তন স্ত্রীকে নিয়ে মুখ খুললেন যুজবেন্দ্র
কলকাতা: একটা সময়ে, তাঁদের তারকা দম্পতি বলেই পরিচিতি ছিল। একজন ২২ গজের জনপ্রিয় মুখ, অন্যজন ও যথেষ্ট পরিচিত মুখ। অভিনেতা যুজবেন্দ্র চাহল (Cricketer Yuzvendra Chahal) ও ধনশ্রী বর্মা (Dhanashree Verma)। তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। একটা সময়ে শোনা গিয়েছিল, ধনশ্রী নাকি চাহালের থেকে মোটা টাকা খোরপোশ চেয়েছেন। তবে সেই সমস্ত এখন অতীত। এখন প্রত্যেকেই ব্যস্ত নিজের নিজের জীবন নিয়ে। আর এবার, ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদ আর নিজের প্রেমজীবন নিয়ে মুখ খুললেন চাহল।

সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে যুজবেন্দ্র চাহল বলেন, ‘আমি আমার জীবনে খুশি, ও ওর জীবনে খুশি। কাউকে দুঃখ দিয়ে কারও কী লাভ?’ বিচ্ছেদের মামলা চলাকালীন, একটি বিশেষ বার্তা লেখা টি-শার্ট পরে গিয়েছিলেন চাহাল। এই টি-শার্টে লেখা ছিল Be Your Own Sugar Daddy। এই টি-শার্ট দেখে অনেকেই মনে করেছিলেন, এই টি-শার্ট চাহলের ধনশ্রী আর তাঁর চাওয়া আকাশছোঁয়া খোরপোশের বিরুদ্ধে বিশেষ কোনও বার্তা। এই বিষয় নিয়ে চাহাল বলেন- ‘আদালত থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই, এই বিষয়টা সেখানেই শেষ হয়ে গিয়েছিল।’

একটা সময় অবশ্য যুজবেন্দ্র চাহাল বলেছিলেন যে, ধনশ্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি হতাশায় ভুগছিলেন। তিনি বলেন- ‘যখন আমার বিবাহবিচ্ছেদের কথা পাকা হয়, সমস্ত নিয়ম কানুন শুরু হয়, তখন আমার মাথা কাজ করছিল না। সেই কারণেই, আমি গত বছর কিছু বড় ক্রিকেট টুর্নামেন্ট ছেড়ে দিয়েছিলাম। আমি এই কথা হরিয়ানাতে আমার মেন্টর, অনিরুদ্ধ স্যারের সঙ্গে শেয়ার করতাম। তিনি আমাকে সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে অনেক সাহায্য করেছেন।’

সম্প্রতি আরজে মাহভাশের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায় চাহলকে নিয়ে। একাধিক ম্যাচে তাঁকে মাহভাশের সঙ্গে দেখা গিয়েছে। এমনকি মাহভাশ বিভিন্ন সময়ে সোশ্য়াল মিডিয়ায় তাঁর প্রশংসাও করেছেন। এই প্রসঙ্গ উঠতেই, চাহাল সাফ জানিয়ে দেন যে, তিনি সিঙ্গল। একাই সময় কাটাতে চান। পাশাপাশি চাহাল আরও জানান, তিনি একটি ডেটিং অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন। তবে পরবর্তীকালে, ভাল না লাগায় সেই অ্যাকাউন্টটি উড়িয়ে দেন তিনি। যে কোনও রকম সম্পর্কের কথা তিনি অস্বীকার করেছেন।

অন্যদিকে, একাধিক সাক্ষাৎকারে ধনশ্রী জানিয়েছেন, তিনি আর চাহলের অধ্যায় নিয়ে বাঁচতে চান না। জীবনটাকে নতুন করে দেখতে চান তিনি।

(Feed Source: abplive.com)