
কলকাতা: নতুন সিনেমায় অভিনেত্রী আয়েশা ভট্টচার্য্য। সঙ্গে থাকছেন, ভুবন দে, জিয়া মুখোপাধ্যায়, পায়েল মুখোপাধ্যায় ও অন্যান্যরা। পরিচালক সত্যজিৎ দাস এর পরিচালনায় আসছে নতুন ছবি ‘বিনি সুতোর টান’। আগামী ৬ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি। দে এন্টারটেনমেন্টের ব্যানারে মুক্তি পাবে নতুন এই ছবিটি। মুখ্যভূমিকায় অভিনয় করছেন, আয়েশা ও ভুবন।
ছবিতে নীলের চরিত্রে দেখা যাবে অভিনেতা ভুবন দে-কে। কলকাতা শহরে নীল একজন মধ্যবিত্ত বাড়ির ছেলে, তার ৬ বছরের কন্যা বিনিকে নিয়েই তার সংসার। বিনির মা নেই। নীলের স্ত্রী দীপা বিনিকে জন্ম দিতে গিয়েই মারা যায়। অন্যদিকে নেহা, নীলের অফিস কলিগ যে নীলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সে নীলের পাশে থাকে এবং বিনিকে ভালোবাসে। কিন্তু হঠাৎ করেই একদিন বিনির এক বিরল এক রোগ ধরা পড়ে। তারপর আবর্তিত হয় বিভিন্ন ঘটনা । বাবা ও মেয়ের এই অটুট ভালোবাসার গল্প নিয়ে ছবি ‘বিনি সুতোর টান’।
এই সিনেমাটি নিয়ে পরিচালক বলছেন, ‘এই ছবি এক বাবা মেয়ের নিখুঁত ভালোবাসার গল্প বলবে। এক অসহায় বাবার তার মেয়েকে সুস্থ করে তোলার লড়াই দেখানো হবে ছবি জুড়ে। ভুবন দে আর আয়েশা ভট্টাচার্য দুজন দুজনের চরিত্রে দারুন মানানসই। ছবির অনেকটা অংশ ভীষণ আবেগপ্রবণ। এই সিনেমায় সঙ্গীতের একটা খুব বড় ভূমিকা রয়েছে। আশা করছি দর্শকদের ভাল লাগবে।’ সিনেমার শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সামনেই মুক্তি পাবে এই সিনেমা। ছবিটি কেমন লাগল দর্শকদের, তা জানবার অপেক্ষায় কলাকুশলীরা।
অন্যদিকে, বলিউডে ৬ তারিখ মুক্তি পাচ্ছে, ‘ভাবিজী ঘর পর হ্যায়’ ছবিটি। এই সিনেমার শ্যুটিংয়ের সময় একটু দুর্ঘটনা ঘটেছিল। সদ্য ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে আসিফ শেখ বলেন, ‘সেটা ছিল আমাদের শ্যুটিংয়ের প্রথমদিন। আউটডোর শ্যুটিং ছিল। আমি আর রবি, আমরা মুখোমুখি বসেছিলাম, কফিতে চুমুক দিচ্ছিলাম। আমাদের ২ জনের মধ্যে সামান্য দূরত্ব ছিল। হঠাৎ ১২ থেকে ১৩ ফুটের একটা গাছ আমাদের ঠিক মাঝ বরাবর ভেঙে পড়ে যায়। যদি সামান্য এদিক ওদিক হত, তাহলে গাছটা আমাদের ২ জনের মাথায় ভেঙে পড়ত। আমরা কেউ আর জীবিত থাকতাম না। একটুর জন্য আমরা বেঁচে যাই। এরপরে টিমের সবাই এসে পরিস্থিতি সামাল দেয়।’
(Feed Source: abplive.com)
