Sahaj Parab Season 8: কলকাতায় সুরের মহামিলন! প্যালেস্টাইন থেকে বাংলার বাউল, ‘সহজ পরব’-এ মাতবে তিলোত্তমা…

Sahaj Parab Season 8: কলকাতায় সুরের মহামিলন! প্যালেস্টাইন থেকে বাংলার বাউল, ‘সহজ পরব’-এ মাতবে তিলোত্তমা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বসন্তের আগমনে শহর কলকাতায় আবারও ফিরছে শিকড়ের টান। আগামী ৬, ৭ এবং ৮ ফেব্রুয়ারি ২০২৬, অনুষ্ঠিত হতে চলেছে জনপ্রিয় লোকসংস্কৃতি উৎসব ‘সহজ পরব’-এর অষ্টম সিজন। ‘দোহার’ এবং ‘লোপামুদ্রা মিত্র প্রোডাকশনস’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব এবার পা দিল ১২ বছরে। ভারতীয় জাদুঘর প্রাঙ্গণ ও জি.ডি.বিড়লা সভাঘরে বসবে সুর ও তালের এই বর্ণাঢ্য আসর।

৬ ফেব্রুয়ারি বিকেল ৪টেয় ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে শুরু হবে এই উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ‘সহজ যাত্রা’। মুর্শিদাবাদের ঢাক, ঝুমুর, অসমের বিহু এবং শ্রীখোলের ঐকতানে তৈরি হবে সুরের মায়াজাল। এদিন ‘সহজ পরব সম্মান’ প্রদান করা হবে খোদা বক্স ফকিরকে। এছাড়াও থাকছে দিনাজপুরের মুখা নৃত্য, কাটোয়ার রণপা, গাজন এবং তুলিকা মন্ডল ও টুম্পা বর্মনের ‘বাংলার নারীশ্বর’।

উৎসবের পরবর্তী দুই দিন (৭ ও ৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠান হবে জি.ডি.বিড়লা সভাঘরে। দ্বিতীয় দিন আসর জমাবেন প্রখ্যাত শিল্পী পারভীন সুলতানা। তবে এবারের বিশেষ চমক প্যালেস্টাইনের প্রখ্যাত বেহালা বাদক আক্রম আব্দুলফতেহ এবং তাঁর দল ‘রিভার ফ্রম দ্য ইস্ট’। দিনের শেষে থাকবে ‘নিমাদ’-এর পরিবেশনা। তৃতীয় দিন মঞ্চ কাঁপাবেন লক্ষণ দাস বাউল এবং মণিপুরী নাচের দল ‘মিহুন’। অনুষ্ঠানের অন্যতম বড় পাওনা প্রল্হাড সিং টিপনিয়া ও পার্বতী বাউলের অভাবনীয় যুগলবন্দী। সবশেষে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সমাপ্তি ঘটবে এবারের আসরের।

২০১৪ সালে লোপামুদ্রা মিত্র এবং কালিকাপ্রসাদ ভট্টাচার্যের নেতৃত্বে দোহারের  নানা আলোচনা এবং পরিকল্পনার ফলস্বরূপ জন্ম নিয়েছিল ‘সহজ পরব’। সেই অর্থে এ বছর সহজ পরব বারো বছরে পড়ল। নানা বাঁধা পেড়িয়ে  এই উৎসব শীতের শেষে এক ঝলক বসন্তের বাতাস নিয়ে হাজির হচ্ছে শহরের সংস্কৃতি প্রেমী মানুষের কাছে। এই উদ্যোগের লক্ষ্য উপমহাদেশের লোকশিল্পের ধারা গুলির উদযাপনের মধ্যে দিয়ে তার প্রচার ও প্রসার ঘটানো। এই প্রজন্মের শ্রোতা-দর্শকদের মধ্যে নানান লোকশিল্প সম্পর্কে আগ্রহ বাড়ানো এবং  এমন একটি মঞ্চ নির্মাণ করা যেখানে দেশের নানা প্রান্তের লোক শিল্পীদের পাশাপাশি জনপ্রিয় লোক শিল্পীদেরও এক ছাদের নীচে আনা সম্ভব।

লোপামুদ্রা মিত্র জানালেন, ” আমরা এই উৎসবে শিকরের সুরের সন্ধান, চর্চা ও উদযাপন করে থাকি। প্রথমদিনে সহজ যাত্রা থাকছে। ভারতীয় সঙ্গীতের শিকরের সুর সুদূরপ্রসারী। পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে আমরা এই উৎসব এতো বড় ভাবে আয়োজন করে থাকি। ”

দোহারের পক্ষে রাজীব দাস বলেন, ‘প্রতি বছরের মতোই এবারও সহজ পরব নিয়ে শ্রোতা-দর্শকের আগ্রহ চোখে পরার মতো। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ উন্মাদনা তৈরি হয়েছে। আশা করছি এবারেও আমরা সুষ্ঠু ও সফল ভাবে ‘সহজ পরব’ এর উদযাপন সম্পন্ন করতে পারবো। এই কর্মকান্ডে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করি।’

(Feed Source: zeenews.com)