Sravanti Mazumdar: শহরে খুকু আসছেন! রেডিওর নস্টালজিয়া ও এক গুচ্ছ বাংলা গান নিয়ে মঞ্চে শ্রাবন্তী মজুমদার…

Sravanti Mazumdar: শহরে খুকু আসছেন! রেডিওর নস্টালজিয়া ও এক গুচ্ছ বাংলা গান নিয়ে মঞ্চে শ্রাবন্তী মজুমদার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শহরে এলেন বাংলার জিঙ্গল কুইন। বাঙালির ঘরে, ঘরে বহু শ্রুত এক কন্ঠ যা বুঁদ করে রাখত এক প্রজন্মের রেডিওর শ্রোতাদের। তাঁর স্বকীয়তা, বাচনভঙ্গি, বিজ্ঞাপনের গান আর পাশাপাশি তাঁর বাংলা নন-ফিল্ম সংস।শ্রাবন্তী মজুমদার একটা নাম, একটা সময় আর একরাশ নস্টালজিয়া। আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, কলা মন্দির প্রেক্ষাগৃহে তাঁর একক “আয় খুকু আয়”, সন্ধ্যা ৬:৩০টা থেকে। আয়োজনে বেঙ্গল ওয়েব সলিউশনস। নিবেদনে বোরোলিন।

বাংলা আধুনিক গানের জগতে ‘আয় খুকু আয়’ একটা ক্লাসিক। আর সেই গানের পঞ্চাশ বছর উদযাপনে গানের শিল্পী সুদূর আইলস অফ ম্যানের দ্বীপ থেকে নিজের শহর কলকাতায় এলেন। শ্রাবন্তী মজুমদার বললেন, ‘এই গানটা হেমন্ত বাবু ছাড়া গাইব না মনে,মনে ঠিক করে ফেলেছিলাম। তবে এও জানতামনা উনি গাইতে রাজি হবেন কিনা। তবে গানের বিষয়, সুর শুনে উনি রাজি হয়ে যান। কিন্তু গানটা পপুলার হতে সময় লেগেছিল। অনেকটা বড় গান তাই রেডিওতে বাজাতেও সমস্যা হতো। সেই সময় পুজো মন্ডপেও নতুন গান বাজানোর খুব চল ছিল। এমন অনেক অজানা গল্প সেদিন আমার শ্রোতাদের শোনাব।’

শ্রাবন্তী মজুমদারের সঙ্গে আলাপচারিতায় থাকবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য। প্রাক কথনে সতীনাথ মুখোপাধ্যায়, একটি বিশেষ ভূমিকায় সৌমিত্র বসু। বোরোলিন এর কালজয়ী বিজ্ঞাপনের গান ‘সুরভীত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন’, হোক বা ওয়েসিস এর ‘মাথার ঘন চুল যখন মরুভূমি হয়ে যায়’, শ্রাবন্তী মজুমদার এর কন্ঠ মানেই ছিল ম্যাজিক। সেই জাদু কন্ঠ কলকাতার শ্রোতাদের জন্য আবার ফিরে আসছে ‘আয় খুকু আয়’ শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানে।

কাজ করেছেন দিকপাল সব শিল্পীদের সঙ্গে। সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়,কিশোর কুমার, সুধীন দাশগুপ্ত, নচিকেতা ঘোষ , ভি.বালসারা, বাসু-মনোহরি, বাপি লাহিড়ীদের মতো শিল্পীদের পাশাপাশি বাংলায় আধুনিক গান করিয়েছেন অনু মালিককে দিয়ে। নিজের আধুনিক বাংলা গানের রেকর্ডে গান করেছেন ভূপিন্দর সিং, অমিত কুমারের সঙ্গেও। এমন অনেক গান, গানের গল্প নিয়ে হাজির হবেন শ্রাবন্তী মজুমদার।

(Feed Source: zeenews.com)