
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মরক্কোয় ভয়ংকর ঝড়! ‘মার্টা’ ঝড়ের তাণ্ডবে সেখানে ব্যাপক বন্যা। সেই বন্যায় বিপর্যস্ত গোটা দেশ। ধ্বংসলীলার (Flood in Morocco) ছবি দেখে শিউরে উঠছেন সকলে। উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে শক্তিশালী ঝড় ‘মার্টা’-র প্রভাবে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। প্রবল বৃষ্টি এবং বাঁধ উপচে পড়া জলের তোড়ে দেশটির উত্তরাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাণহানি
বন্যায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। রাজধানী রাবাত থেকে প্রায় ২৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত তেতুয়ান (Tétouan) এলাকায় একটি গাড়ি জলে ভেসে গেলে একই পরিবারের তিনজন শিশু (বয়স ২ থেকে ১৪ বছর) এবং একজন ব্যক্তির মৃত্যু হয়।
উচ্ছেদ
এই ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ উচ্ছেদ করল লক্ষ লক্ষ মানুষকে। অতিবৃষ্টির জেরে বাঁধগুলি জলপূর্ণ হয়ে সেগুলি থেকে জল উপচে পড়ার মতো অবস্থা হয়। তাই সেগুলি থেকে জল ছাড়া হয়। আর বিপুল জল ছাড়ার ফলে ব্যাপক বন্যা-পরিস্থিতি তৈরি হয়েছে মরক্কোতে। এই দুর্যোগে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষকে তাঁদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
বিপদসীমার উপরে
এই বিপর্যয়ের জন্য দায়ী মার্টা। তবে এই ঝড়ের কয়েকদিন আগেই ‘লিওনার্দো’ নামক আরেকটি ঝড় এই অঞ্চলে আঘাত হেনেছিল। যার ফলে মাটি খুবই স্যাঁতসেঁতে ছিল। নদীগুলির জলের স্তর বিপদসীমার উপরে ছিল।
বৃষ্টিপাত এবং আশার ‘জল’
সে দেশের আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ের প্রভাবে মরক্কোর উত্তরভাগের শহরগুলিতে প্রায় ৯২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বন্যায় প্রচুর ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ফসলি জমি তলিয়ে যাওয়ায় কৃষিখাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহতা সত্ত্বেও আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বৃষ্টির ফলে মরক্কোয় দীর্ঘস্থায়ী খরা-পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং অন্তত এক বছরের জন্য খাবার জলের অভাব পূরণ হতে পারে বলে আশার কথা বলছেন তাঁরা।
(Feed Source: zeenews.com)
