গয়নাগাঁটি সব পড়ে, গায়েব শুধু তরুণী, ঘর থেকে মিলল সাপের খোলস! ইচ্ছেধারী? হইচই সোশ্যাল মিডিয়ায়

Uttar Pradesh Woman Missing: গ্রাম জুড়ে শোরগোল। কুসংস্কার, গুজবে কান দিতে নিষেধ পুলিশের। ছবি: ফ্রিপিক, সংগৃহীত।

রাতে ঘুমাতে গিয়েছিলেন দিব্যি। কিন্তু সকাল হতেই গায়েব তরুণী। মেঝেয় পড়ে রয়েছে শুধু সাপের খোলস। আর তাতেই উত্তেজনা চড়াল উত্তরপ্রদেশের অউরাইয়ায়।

সিঙ্গনপুর গ্রাম থেকে এই ঘটনা সামনে এসেছে। ২০ বছর বয়সি এক তরুণী নিজের বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছেন বলে অভিযোগ। ওই তরুণী ‘ইচ্ছেধারী’ বলে শোরগোল পড়ে গিয়েছে গোটা গ্রামে। হইচই সোশ্য়াল মিডিয়াতেও।

জানা গিয়েছে, রবিবার রাতে সব কাজকর্ম সেরে ঘরে ঢোকেন ওই বতরুণী। পর দিন সকালে মা ডাকতে গিয়ে দেখেন, বিছানা খালি। জামাকাপড়-গয়না সব পড়ে রয়েছে। মেয়ে কোথাও নেই। বরং ৫ ফুট লম্বা একটি সাপের খোলস পড়ে রয়েছে ঘরের মেঝেয়।

মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে, আশপাশের এলাকাতেও। ওই তরুণী আসলে ‘ইচ্ছেধারী’ নাগিন। মানুষ সেজে সমাজে ভিড়ে গিয়েছিলেন বলে ছড়িয়ে পড়ে গুজব।

মেয়েটির পরিবারের কিছু মন্তব্য সেই গুজবে আরও ইন্ধন জোগায়। তারা দাবি করে, মেয়ে বাড়িতে থাকাকালীন প্রায়শই বাড়িতে সাপের আনাগোনা চোখে পড়ত।

মেয়েকে ফিরে পেতে কাতর আর্জি জানিয়েছে ওই পরিবার। খবর পেয়ে সার্কল অফিসার মনোজ গাঙ্গওয়ার ঘটনাস্থলে পৌঁছন।

পুলিশ জানিয়েছে, তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার আওতায় মামলা দায়ের হয়েছে। একাধিক টিম ওই তরুণীর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

সাপ সংক্রান্ত কিছু ঘটলে এমনিতেই গুজব ছড়াতে সময় লাগে না। কুসংস্কার, রহস্য সহযোগে গল্প ফেঁদে বসেন মানুষজন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

যদিও গ্রামবাসীদের সতর্ক করেছে পুলিশ। কোনও রকম গুজব, কুসংস্কারকে গুরুত্ব দিতে নিষেধ করা হয়েছে।

পুলিশের সন্দেহ, তদন্তকে বিপথে চালিত করতে ইচ্ছাকৃত ভাবেই সাপের খোলস রেখে যাওয়া হতে পারে। বাড়ির সদস্যদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সকলের কল রেকর্ডস খতিয়ে দেখার পাশাপাশি, সোশ্যাল মিডিয়ার গতিবিধিও পর্যবেক্ষণ করছে পুলিশ।

(Feed Source: abplive.com)