ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর

ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর
ইসলামাবাদ: তিনিই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সর্বাধিক রানসংগ্রাহক। তবে বারংবার টি-টোয়েন্টি দলে তাঁর জায়গা পাওয়া নিয়েই প্রশ্ন উঠেছে। দিনকয়েক আগেও বাবর আজম (Babar Azam) পাকিস্তানের বিশ ওভারের দল থেকে বাদ পড়েছিলেন। তবে বিশের বিশ্বকাপের (T20 World Cup 2026) স্কোয়াডে তিনি রয়েছেন। মেগা টুর্নামেন্টে যদিও শুরুটা মন্দ করেননি বাবর, তাও নিজের দেশের প্রাক্তনীরাই তাঁকে ট্রোল করছেন।

বাবর আজম আন্তর্জাতিক টি-টোয়েন্টির মঞ্চে প্রচুর রান করলেও, বারংবার সমলাচনা হয়েছে তাঁর স্ট্রাইক রেট নিয়ে, তাঁর রানের গতি বাড়ানোর দক্ষতা নিয়ে। প্রাক্তন পাকিস্তান অধিনায়কের কেরিয়ারে স্ট্রাইক রেট মাত্র ১২৮.২৯। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে তিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৮ বলে ১৫ রান করেছিলেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খানিকটা গতি বাড়িয়ে ৩২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন বাবর। তবে তাতেও সমালোচনা কমছে না।

সামনেই সপ্তাহান্তেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। ভারতের বিরুদ্ধে (IND vs PAK) বাবর সেই ম্যাচে দলের জন্য জয়সূচক ইনিংস খেলতে পারবেন কি না, সেই নিয়ে তো রীতিমতো হাসিঠাট্টা করে তাঁর দেশের প্রাক্তনীরাই বাজি ধরছেন। এক লাইভ শোতে প্রাক্তন পাকিস্তানি ওপেনার আমেদ শাহজাদ দাবি করেন বাবর ম্যাচ জেতানো ইনিংস খেললে তিনি সকলকে ভোজ দেবেন। শাহজাদ বলেন, ‘বাবর আজম, যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতান, তাহলে গোটা দর্শকদের সকলকে আমি খাওয়াব। যে যা খাবে সেটা আমার তরফ থেকে হবে।’

এরপর মহম্মদ আমিরকে জিজ্ঞেস করা হয় বাবর ম্যাচ জেতানো ইনিংস খেললে তিনি কী করবেন। প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার আমির তখন দাবি করেন বাবর যদি ভাল ইনিংস খেলে দলকে জেতান, তাহলে তিনি নিজের অবসরের সিদ্ধান্ত বদল করবেন। তবে আমিরের একটাই শর্ত, বাবরকে অন্তত ৩০ রান করতে হবে। তবে সব কিছুর মাঝেই আলোচনা কার্যত থামিয়ে দেন প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ। তিনি জানিয়ে দেন বাজি ধরাধরি কোনও প্রয়োজনই নেই। তাঁর দাবি, ‘ও তো এতক্ষণ ব্যাটই করে না। তাই এই বাজি ধরাধরি প্রয়োজনই নেই।’

বাবর আজমের রেকর্ড কিন্তু ভারতের বিরুদ্ধে খুব একটা ভাল নয়। তিনি এক বিশ্বকাপ ম্যাচে ৬৮ রানের ইনিংস খেলে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ১০ উইকেটে জিততে সাহায্য করেছিলেন বটে। তবে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্য়াচে তাঁর মোট সংগ্রহ ১০৫ রান, স্ট্রাইক রেট ১২৮.০৫। সপ্তাহান্তে তিনি কেমন খেলেন এবার সেটাই দেখার বিষয় হতে চলেছে।

(Feed Source: abplive.com)