
কলকাতা: মেয়ের বয়স মাত্র ৪ বছর। এর মধ্যেই তাঁর জন্য নিরাপত্তারক্ষী রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)! সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, তিনি নাকি তাঁর একমাত্র মেয়ে, মালতী মেরির জন্য নিরাপত্তারক্ষী বহাল করেছেন। শুধু এই খবরটা দেওয়াই নয়, পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়ার কারণ ও খোলসা করেছেন প্রিয়ঙ্কা। জানিয়েছেন, একটি বিশেষ ভয় থেকেই মালতীকে রক্ষা করার জন্য এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি!
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা চোপড়া জানিয়েছেন, তিনি মালতীর নিরপত্তার ভয় পান না। তবে ছবিশিকারীরা যেভাবে ছোট্ট মালতীর ছবি তোলার চেষ্টা করে, তাতে বেশ আতঙ্কিত প্রিয়ঙ্কা। বর্তমানে AI-এর যুগে সেই ছবি যে কোথায় কীভাবে ব্যবহার করা হবে, সেই ভাবনা সবসময়েই ভাবায় প্রিয়ঙ্কাকে। তিনি চান, তাঁর অনুমতি ছাড়া যেন কেউ তাঁর মেয়ের ছবি তুলতে না পারে। সেই কারণেই তিনি মেয়ের জন্য নিরাপত্তারক্ষী রেখেছেন। এটাই তাঁর কাজ যে, সাধারণ মানুষকে মালতীর ছবি তোলা থেকে বিরত করা।
প্রিয়াঙ্কার কথায়, ‘এমনটা প্রায়ই হয়, বিশেষ করে আমার মেয়ের সঙ্গে। আমরা যখন পার্কে থাকি বা আইসক্রিম খাচ্ছি, হঠাৎই অনলাইনে সেই ভিডিওটা দেখতে পাই। আমার কন্যার নিরাপত্তা সেকারণেই। না হলে আমার এই সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই। কেউ আমাকে মেরে ফেলবে না।’ প্রসঙ্গত, প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাসের কন্যা মালতী মেরির জন্ম হয় ২০২২ সালের জানুয়ারিতে। অভিনেত্রী প্রায়ই তাঁর মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তবে সেগুলি খুব বেছে বেছে করা হয়। তবে, এখন তিনি তাঁর মেয়ের মুখ সাধারণ মানুষের চোখের আড়ালে রাখার চেষ্টা করছেন।
প্রিয়ঙ্কা চোপড়া চান, মালতী আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই বড় হয়। অন্য মেয়েরা যদি পার্কে বসে আইসক্রিম খেতে পারে, তাহলে মালতি ও পারবে। তবে প্রিয়ঙ্কা চোপড়াই যে প্রথম তাঁর মেয়েকে আড়ালে রাখতে চেয়েছেন এমনটা নয়। অনুষ্কা শর্মা (Anushka Sharma) আর বিরাট কোহলি (Virat Kohli) তাঁদের ২ সন্তানকে প্রকাশ্যে আনতে চান না। সেই কারণে তাঁরা সোশ্যাল মিডিয়ায় সন্তানদের ছবি কখনোই শেয়ার করে নেন না। এমনকি পাপারাৎজিদের পর্যন্ত সন্তানের ছবি তোলায় কড়া নিষেধাজ্ঞা রয়েছে। মেয়েকে প্রথমে প্রকাশ্যে আনলেও সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সমস্ত ছবি সরিয়ে দিয়েছেন আলিয়া ভট্ট।
(Feed Source: abplive.com)
