Salim Khan Hospitalised: আচমকাই অসুস্থ! ICU-এ ভর্তি সেলিম খান, সব ফেলে তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন সলমান…

Salim Khan Hospitalised: আচমকাই অসুস্থ! ICU-এ ভর্তি সেলিম খান, সব ফেলে তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন সলমান…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসুস্থ বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার এবং সুপারস্টার সলমান খানের বাবা সেলিম খান। সোমবার সকালে মুম্বইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, ৯০ বছর বয়সী এই লেখককে হাসপাতালের আইসিইউ-তে (ICU) রাখা হয়েছে।

খবরটি প্রকাশ্যে আসতেই বলিপাড়ায় উদ্বেগের ছায়া নেমে এসেছে। সংবাদ সংস্থা পিটিআই (PTI)-এর খবর অনুযায়ী, বার্ধক্যজনিত সমস্যার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সলমান খানকে হাসপাতাল থেকে বের হতে দেখা গিয়েছে; তিনি তাঁর বাবার শারীরিক অবস্থার খোঁজ নিতে সেখানে গিয়েছিলেন। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল কি না, সেই বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো বুলেটিন প্রকাশ করা হয়নি।

সেলিম খান ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সত্তরের দশকে জাভেদ আখতারের সঙ্গে তাঁর জুটি (সেলিম-জাভেদ) ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ত্রিশূল’-এর মতো কালজয়ী ছবি উপহার দিয়েছে। অমিতাভ বচ্চনের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ইমেজ তৈরির নেপথ্যে প্রধান কারিগর ছিলেন এই সেলিম খানই। জাভেদের সঙ্গে বিচ্ছেদের পর তিনি ‘নাম’-এর মতো সুপারহিট ছবির চিত্রনাট্যও লিখেছিলেন।

সেলিম খানের দুই স্ত্রী— সালমা খান ও হেলেন। তাঁর পাঁচ সন্তান হলেন সলমন, আরবাজ, সোহেল, আলভিরা এবং অর্পিতা। পুরো পরিবারই এই মুহূর্তে তাঁর পাশে রয়েছে। প্রিয় লেখকের দ্রুত আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা শুরু করেছেন অগণিত অনুরাগী।

(Feed Source: zeenews.com)