Veteran Actor Pravina Deshpande Passes Away: ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ, ষাটেই প্রয়াত অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে…

Veteran Actor Pravina Deshpande Passes Away: ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ, ষাটেই প্রয়াত অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার সকালে বিনোদন জগত হারাল এক দক্ষ অভিনেত্রীকে। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। সলমন খানের ‘রেডি’ থেকে শুরু করে জন আব্রাহামের ‘পরমাণু’— একাধিক জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল।

মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকালে অভিনেত্রীর প্রয়াণের খবরটি নিশ্চিত করে তাঁর পরিবার। প্রবীণা দেশপাণ্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি শোকবার্তা শেয়ার করে জানানো হয়, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে শ্রীমতী প্রবীণা দেশপাণ্ডে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ পরলোকগমন করেছেন।” এদিন বিকেল ৩টে নাগাদ আন্ধেরি ইস্টের চাকলা পার্সিওয়াড়া হিন্দু শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

প্রবীণার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন’। ২০০৮ সাল থেকে তিনি এই সংগঠনের সদস্য ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর অকাল প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মী এবং অনুরাগীরা।

হিন্দি ও মারাঠি— উভয় ভাষার সিনেমাতেই প্রবীণা ছিলেন সাবলীল। বড় পর্দা ছাড়াও ছোট পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মেও তাঁর বিচরণ ছিল অবাধ। সলমন খানের সঙ্গে ‘রেডি’, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘এক ভিলেন’ এবং জন আব্রাহামের সঙ্গে ‘পরমাণু: দ্য স্টোরি অফ পোখরান’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। টেলিভিশনের দুনিয়ায় ‘ঘর এক মন্দির’, ‘কুমকুম’, ‘করম আপনা আপনা’ এবং ‘কুলফি কুমার বাজেওয়ালা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে তিনি কাজ করেছেন। তাঁর জীবনের শেষ কাজ ছিল নেটফ্লিক্সের সিরিজ ‘তসকরি’, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন ইমরান হাশমি।

ক্যানসারের মতো মারণ ব্যাধির বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালালেও শেষরক্ষা হলো না। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন জগতের এক অপূরণীয় ক্ষতি হল।

(Feed Source: zeenews.com)