ভিন্গ্রহীরা আছে? ওবামার ‘স্বীকারোক্তি’র পরই ‘এলিয়েন ফাইলস’ প্রকাশের নির্দেশ দিলেন ট্রাম্প

ভিন্গ্রহীরা আছে? ওবামার ‘স্বীকারোক্তি’র পরই ‘এলিয়েন ফাইলস’ প্রকাশের নির্দেশ দিলেন ট্রাম্প
নয়াদিল্লি: ‘এপস্টিন ফাইলস’ নিয়ে শোরগোলের মধ্যে এবার বড় ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভিন্গ্রহী প্রাণী, ভিন্গ্রহী যান নিয়ে সমস্ত গোপন ফাইল শনাক্ত করে, প্রকাশের নির্দেশ দিলেন তিনি। অর্থাৎ ভিন্গ্রহীদের অস্তিত্ব, ভিন্গ্রহী যান দেখতে পাওয়া নিয়ে যত রকমের গোপন নথি তাদের হাতে আছে, তা প্রকাশ করে দেবে আমেরিকার সরকার। ( Donald Trump UFO Alien Files)

ভিন্গ্রহীদের অস্তিত্ব টের পাওয়া সত্ত্বেও আমেরিকা সত্য গোপন করে রেখেছে বলে অভিযোগ আজকের নয়। সম্প্রতি সেই বিতর্কের আগুনে ঘি ঢালার কাজ করে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি মন্তব্য। ভিন্গ্রহীদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করলে ওবামাকে বলতে শোনা যায়, “সত্যি আছে, কিন্তু আমি ওদের দেখিনি। তবে এরিয়া ৫১-এ রাখা হয়নি ওদের। ওখানে কোনও আন্ডারগ্রাউন্ড ফেসিলিটি নেই, যদি না তা আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকে লুকিয়ে রাখা হয়ে থাকে।” (Donald Trump)

ব্রায়ান টাইলারের পডকাস্টে ওই মন্তব্য করেন ওবামা, যাতে কার্যত আগুনে ঘি পড়ে। নতুন করে ষড়যন্ত্র তত্ত্ব উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। পরিস্থিতি এমন হয় যে সাফাই দিয়ে ওবামা বলেন, ‘যে দ্রুতগতিতে প্রশ্নোত্তর পর্ব চলছিল, আমি তার সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছিলাম শুধু। পরিসংখ্যানগত ভাবে ব্রহ্মাণ্ড এতই সুবিশাল যে সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা অবশ্যই আছে। কিন্তু সৌরজগৎগুলির মধ্যে এত বেশি দূরত্ব যে, এলিয়েন এসে ঘুরিয়ে গিয়েছে, এমন সম্ভাবনা কম। ভিন্গ্রহীরা যোগাযোগ করেছে বলে প্রেসিডেন্ট থাকাকালীন আমি এমন কোনও প্রমাণ পাইনি। সত্যি’!

বিষয়টি নিয়ে ওবামাকে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প। তাঁর বক্তব্য, “মস্ত বড় ভুল করলেন উনি। গোপন তথ্য় ফাঁস করে দিয়েছেন। ওঁর থেকে ওই আচরণ কাম্য ছিল না। আমি জানি না, সত্য়িই ওরা আছে, না নেই। তবে বলতে পারি, উনি গোপন তথ্য ফাঁস করেছেন। আমি ওসব নিয়ে কখনও কথা বলি না। অনেকে ওসব বিশ্বাস করেন।” 

আর তার পরই ভিন্গ্রহী এবং UFO নিয়ে সব গোপন নথিপত্র প্রকাশের নির্দেশ দিলেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে, তা মাথায় রেখে সেক্রেটারি অফ ওয়ার এবং অন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিচ্ছে যে, ভিন্গ্রহী এবং ভিন্গ্রহীযান নিয়ে যত গোপন সরকারি নথি রয়েছে, সেগুলি শনাক্ত করে প্রকাশের প্রক্রিয়া শুরু করে দিন’। 

সাম্প্রতিক কালে আকাশে UFO এবং UAP দেখতে পাওয়া নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে সেই নিয়ে পেন্টাগনের তরফে একটি রিপোর্টও প্রকাশ করা হয়, যাতে সাফ জানানো হয়, ভিন্গ্রহীদের অস্তিত্ব নিয়ে এখনও পর্যন্ত কোনও গ্রহণযোগ্য প্রমাণ মেলেনি।

(Feed Source: abplive.com)