
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এখন যেন গ্ল্যামার দুনিয়ার অলিখিত গন্তব্য। সপ্তাহখানেক আগেই আমির খান চার দিন কাটিয়ে গিয়েছিলেন অরিজিৎ সিং-এর অনাড়ম্বর বাড়িতে। সেই রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে সেখানে হাজির হলেন অভিনেতা যিশু সেনগুপ্ত এবং প্রখ্যাত সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। শুক্রবার রাতে তাঁদের জিয়াগঞ্জে পৌঁছানোর খবর আসতেই শুরু হয়েছে নতুন সমীকরণের চর্চা।
সূত্র বলছে, কোনো আসন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা করতেই অরিজিতের দরবারে গিয়েছেন এই দুই তারকা। যদিও এটি ইন্দ্রদীপের পরিচালিত কোনো ছবি না কি যিশু সেনগুপ্তের প্রযোজনা সংস্থার কোনো নতুন কাজ, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে খুব অল্প সময়ের জন্যই তাঁরা সেখানে থাকবেন বলে জানা গিয়েছে।
চলতি মাসের শুরুতেই ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জিয়াগঞ্জে এসেছিলেন। জানা গিয়েছিল, তাঁর প্রযোজনা সংস্থার আসন্ন ছবি ‘এক দিন’-এর গানের রেকর্ডিংয়ের জন্যই এই সফর। যে ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আমির-পুত্র জুনেইদ খান। অরিজিতের স্টুডিওতে গানের কাজ সেরে ৪ ফেব্রুয়ারি মুম্বই ফিরে যান আমির। এবার টলিপাড়ার এই নক্ষত্র সমাবেশের পেছনেও কি তেমন কোনো বড় মিউজিক্যাল প্রজেক্ট লুকিয়ে আছে? উত্তর খুঁজছে টলিউড।
(Feed Source: zeenews.com)
