Shiboproshad Mukhopadhyay: অস্ট্রেলীয় বোলিং অ্যাটাকের সামনে ‘ফ্যামিলিওয়ালা’ শিবপ্রসাদ! মুগ্ধ পরিচালক সুমন ঘোষ…

Shiboproshad Mukhopadhyay: অস্ট্রেলীয় বোলিং অ্যাটাকের সামনে ‘ফ্যামিলিওয়ালা’ শিবপ্রসাদ! মুগ্ধ পরিচালক সুমন ঘোষ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউডে এখন অন্যতম চর্চিত বিষয় পরিচালক সুমন ঘোষ এবং অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আসন্ন কোলাবরেশন। উইন্ডোজ প্রোডাকশনের ২৫ বছর পূর্তিতে সুমন ঘোষ তৈরি করছেন তাঁর নতুন ছবি ‘ফ্যামিলিওয়ালা’। এই ছবির হাত ধরেই দীর্ঘ ২৫ বছর পর অন্য কোনো পরিচালকের নির্দেশনায় অভিনয় করলেন শিবপ্রসাদ। পরিচালক ও অভিনেতার এই রসায়নকে শিবপ্রসাদ নিজেই ‘ডেডলি কম্বিনেশন’ বলে অভিহিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় পরিচালক সুমন ঘোষ লেখেন, “ওর সাথে কাজ করাটা ছিল এক পরম আনন্দ। চরিত্রটি অবশ্যই খুব চ্যালেঞ্জিং ছিল এবং ও সমান উদ্যমের সাথে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। অভিনেতা হিসেবে ও কতদূর যেতে পারে তা দেখার জন্য আমি ওকে ক্রমাগত উৎসাহিত করেছি বা ‘পুশ’ করেছি… এটি আমাদের মধ্যে অনেকটা খেলার মতো ছিল। ওর অভিনয় দক্ষতার ব্যাপ্তি, প্রতিক্রিয়ার অনিশ্চয়তা, তাৎক্ষণিক উদ্ভাবনী ক্ষমতা (ইম্প্রোভাইজেশন) এবং তীব্রতা— এই সবকিছুই স্ক্রিপ্ট বা চিত্রনাট্যকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। একজন পরিচালক হিসেবে এটিই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। থিয়েটারে ওর প্রাথমিক ভিত যে কতটা শক্ত, তা আমার কাছে একদম স্পষ্ট ছিল”।

তিনি আরও লেখেন, “এখন ‘ফ্যামিলিওয়ালা’র কাজ শেষ, তাই ওর সঙ্গে সেই কথোপকথনগুলো আমি খুব মিস করব… এবং ওর সেই অমায়িক স্বভাবকেও। যেমন ওর সেই মন্তব্যগুলো— “সুমন দা, এই সিনটা কী ছিল, তুমি তো বাঁশ করে দিলে… আমাকে এমন এমন সব সহ-অভিনেতাদের সঙ্গে খেলতে দিয়েছ যারা যেন ঠিক পিক অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাক”। শেষ পর্যন্ত বিচার করবেন দর্শকরা। আশা করি আপনাদের সবার আমাদের ‘ফ্যামিলিওয়ালা’কে ভালো লাগবে”।

সুমন ঘোষের সঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রসায়ন কেমন ছিল? এই প্রসঙ্গে শিবপ্রসাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই ছবিতে কাজের অভিজ্ঞতাকে তুলনা করেছেন বিশ্বজয়ী অস্ট্রেলীয় ক্রিকেট টিমের বিরুদ্ধে ব্যাটিং করার সঙ্গে। তাঁর মতে, স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, অনুসূয়া মজুমদার এবং লিলি চক্রবর্তীর মতো শক্তিশালী অভিনেত্রীরা যেন ম্যাকগ্রা, ব্রেট লি কিংবা শেন ওয়ার্নের মতো দুর্ধর্ষ বোলার। এই তারকাখচিত ‘বোলিং অ্যাটাক’-এর সামনে পাল্লা দিয়ে অভিনয় করাটা তাঁর কাছে যেমন কঠিন ছিল, তেমনি ছিল আনন্দের। প্রথমবার এই অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করাকে এক ‘সাংঘাতিক ব্যাপার’ বলে মনে করছেন তিনি।

শিবপ্রসাদ বলেন, “উইন্ডোজের ২৫ বছর পূর্তিতে সুমন ঘোষ উইন্ডোজের জন্য যে সিনেমাটি বানাচ্ছেন, তার কনসেপ্ট ইউনিক। একটি অনন্য অসাধারণ ভাবনা। আমাদের সামনের পৃথিবী বোধহয় এমন ভাবনাকে সঙ্গেই নিয়ে এগোবে। সেই সিনেমার অংশ হতে পেরে এবং সেই সিনেমায় আমাকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রটি যে আমাকে দেওয়া হয়েছে এবং আমাকে বিশ্বাস করেছেন উনি, তার জন্য আমি চিরঋণী, চিরকৃতজ্ঞ।

যাদের সঙ্গে আমাকে উনি এই সিনেমায় নির্বাচন করেছেন, সত্যিই বলছি তারা মানে মনে হচ্ছে সেই অসাধারণ অস্ট্রেলিয়ান টিম। মানে যেখানে একদিকে রয়েছে ম্যাকগ্রা, একদিকে ব্রেটলি, একদিকে আমাদের শেন ওয়ার্ন। মানে যেদিকে যাব সেদিকেই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করাটাও আমার কাছে বেশ মুশকিল ছিল। জীবনে প্রথমবার পর্দায় এদের সাথে কাজ করলাম— স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, অভিনয় করেছি অনুসূয়া মজুমদারের সাথে, লিলি চক্রবর্তীর সঙ্গে। এদের সঙ্গে অভিনয় করতে পেরেছি জীবনে প্রথমবার— ওটা একটা সাংঘাতিক ব্যাপার। জানিনা কতটুকু পেরেছি। ছবি যখন রিলিজ হবে নিশ্চয়ই দর্শক দেখে তাঁর মতামত জানাবেন। ছবি এখন এডিট চলছে, এডিট হবে, তারপর ডাবিং আছে। খুব টেনশনে আছি এটুকু বলতে পারি।”

(Feed Source: zeenews.com)