Vande Bharat Goa: এবার মাত্র ১৩ ঘণ্টায় গোয়া? নতুন বন্দে ভারত হাতের মুঠোয় এনে দিল স্বপ্নের দেশ…

Vande Bharat Goa: এবার মাত্র ১৩ ঘণ্টায় গোয়া? নতুন বন্দে ভারত হাতের মুঠোয় এনে দিল স্বপ্নের দেশ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশ পেতে চলেছে বেঙ্গালুরু-গোয়া বন্দে ভারত (Bengaluru To Goa Vande Bharat Express)। বেঙ্গালুরু এবং গোয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য বহু প্রতীক্ষিত ‘বন্দে ভারত এক্সপ্রেস’ (Vande Bharat Express) চালুর প্রস্তাব জমা দেওয়া হয়েছে রেলওয়ে বোর্ডের কাছে। তবে, পশ্চিমঘাট পর্বতমালার কঠিন ভূপ্রকৃতির কারণে কিছু অংশে ট্রেনটির গতি ঘণ্টায় মাত্র ৩০ কিমিতে নেমে আসতে পারে বলে জানা গিয়েছে।

১৩ ঘণ্টা ১০ মিনিটে

ট্রেনটি বেঙ্গালুরুর যশবন্তপুর (Yesvantpur) থেকে ছাড়বে এবং গোয়ার মাডগাঁও (Madgaon) পর্যন্ত চলবে। বেঙ্গালুরু সিটি স্টেশন (KSR Bengaluru) প্রধান টার্মিনাল হওয়া সত্ত্বেও, সেখানে রক্ষণাবেক্ষণের জায়গার অভাব থাকায় যশবন্তপুরকে বেছে নেওয়া হয়েছে। সপ্তাহে ৬ দিন এই পরিষেবা পাওয়া যাবে। যশবন্তপুর থেকে ভোর ৬:০৫ মিনিটে রওনা হয়ে মাডগাঁও পৌঁছাবে সন্ধ্যা ৭:১৫ মিনিটে। পুরো যাত্রা শেষ করতে সময় লাগবে প্রায় ১৩ ঘণ্টা ১০ মিনিট।

কোন কোন স্টেশন ছুঁয়ে?

পথে ট্রেনটি চারটি প্রধান স্টেশনে থামবে– হাসান (Hassan), সাকলেশপুর (Sakleshpur), সুব্রহ্মণ্য রোড (Subrahmanya Road) এবং পাদিল (Padil)।

৩০ কিমি প্রতি ঘণ্টা

বন্দে ভারত এক্সপ্রেস ১৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে চলার উপযোগী। কিন্তু তা সত্ত্বেও এই রুটে এর গড় গতিবেগ থাকবে ৫০ কিমি প্রতি ঘণ্টারও কম। বিশেষ করে পশ্চিমঘাট সেকশনে বিভিন্ন টার্নিং এবং ঢালু রাস্তার কারণে নিরাপত্তার খাতিরে গতি কমিয়ে ৩০ কিমি প্রতি ঘণ্টা করতে হতে পারে।

দক্ষিণ-পশ্চিম রেলওয়ে 

দক্ষিণ-পশ্চিম রেলওয়ে (SWR) এই প্রস্তাবটি পাঠিয়েছে। রেলওয়ে বোর্ড প্রস্তাবটি খতিয়ে দেখছে। বোর্ড থেকে চূড়ান্ত অনুমোদন এলে এবং ট্রায়াল রান (Trial Run) সম্পন্ন হওয়ার পরই একমাত্র ট্রেনটির উদ্বোধনের তারিখ এবং চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে। তবে রেলওয়ে বোর্ড প্রস্তাবিত সময়টি পরিবর্তন করে সকাল ৬:৩০ মিনিটের পর করার পরামর্শ দিয়েছে।

(Feed Source: zeenews.com)