স্যামির আর্তিতে সাড়া, চাটার্ড বিমানে করে ওয়েস্ট ইন্ডিজ়কে দেশে ফেরানোর ব্যবস্থা আইসিসির

স্যামির আর্তিতে সাড়া, চাটার্ড বিমানে করে ওয়েস্ট ইন্ডিজ়কে দেশে ফেরানোর ব্যবস্থা আইসিসির
নয়াদিল্লি: উত্তপ্ত উত্তর পশ্চিম এশিয়া। ইরান, ইজ়রায়েল-আমেরিকার যুদ্ধ পরিস্থিতিতে (Israel-Iran Conflict) বন্ধ আকাশসীমা। আর এর জেরেই বিপাকে বহু মানুষ। সেই তালিকায় কিন্তু টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী ক্রিকেটাররাও রয়েছেন। তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেলেও এ দেশেই আটকে ছিল জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ় (West Indies Cricket Team) ক্রিকেটাররা। তবে এবার অবশেষে সমস্যা মিটতে চলেছে।

সপ্তাহান্তেই ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের ম্যাচ ছিল। সেই ম্য়াচ শেষেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়। তবে তারপর থেকে প্রায় পাঁচদিন কলকাতাতেই আটকে ছিল ওয়েস্ট ইন্ডিজ় দল। বাড়ি ফিরতে না পারায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ় দল। দেশে ফেরার জন্য সোশ্যাল মিডিয়ায় করুণ আর্তি জনিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ় কোচ ড্যারেন স্যামি।

বৃহস্পতিবার স্যামির একের পর এক পোস্ট আছড়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। প্রথমে সকাল ১০টা ৪৮ মিনিটে স্যামি পোস্ট করলেন, ‘আমি শুধু বাড়ি ফিরতে চাই…’ কতটা ছটফট করছেন তিনি, বুঝিয়ে দিলেন সেই পোস্টেই। বিকেল তিনটে নাগাদ তিনি আবার পোস্ট করলেন এক্স হ্যান্ডলে। লিখলেন, ‘অন্তত একটা আপডেট দেওয়া হোক। আমাদের কিছু একটা বলো। আজ ফিরব, আগামীকাল ফিরব, নাকি পরের সপ্তাহে। পাঁচদিন হয়ে গেল।’

এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই সমস্যার সমাধান হল। অবশেষে স্যামিদের ক্যারিবিয়ান ফেরার ব্যবস্থা করা গেল। ব্যবস্থা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিই। এক সূত্র এই বিষয়ে পিটিআইকে জানান, ‘ওয়েস্ট ইন্ডিজ় দলের জন্য একটি চাটার্ড বিমানের বন্দোবস্ত করা হয়েছে যাতে ওঁরা বাড়ি ফিরতে পারেন।’ তারপরেই সোশ্যাল মিডিয়ায় স্যামিও এই বিষয়টা নিশ্চিত করে বলেন, ‘একটা আপডেট পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজ় এটাই চাইছিল।’

ভারতে শুধু ওয়েস্ট ইন্ডিজ় নয়, আটকে ছিল জিম্বাবোয়ে দলও। তারাও অবশেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। জিম্বাবোয়ে ক্রিকেটের তরফেই বুধবার জানানো হয়েছে যে ব্রায়ান বেনেটরা দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই বিকল্প পথে জিম্বাবোয়ে তারকাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।

(Feed Source: abplive.com)