আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে সংঘর্ষে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া : রিপোর্ট

আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে সংঘর্ষে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া : রিপোর্ট

 

নয়াদিল্লি : ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধের আজ অষ্টম দিন। অশান্ত পশ্চিম এশিয়া। ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি। এবার এই যুদ্ধে পরোক্ষে জড়িয়ে পড়ল রাশিয়া। এমনই জল্পনা শুরু হয়েছে। কারণ, কৌশলগত-সঙ্গী ইরানকে নাকি গোয়েন্দা তথ্য দিয়ে হামলায় সাহায্য করছে পুতিন প্রশাসন। মধ্যপ্রাচ্যে আমেরিকার যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করা হচ্ছে বলে রিপোর্ট প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। রিপোর্টে আরও বলা হয়েছে, ইরানকে রাশিয়া কতটা সাহায্য করছে তার পরিমাণ পুরোপুরি স্পষ্ট ছিল না। পরে পরে বিষয়টি স্পষ্ট হয়। কারণ, গত সপ্তাহে তেহরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলা শুরু করার পর থেকে ইরানি সেনাবাহিনীর মার্কিন বাহিনীকে শনাক্ত করার ক্ষমতা হ্রাস পেয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও রবিবার কুয়েতে ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। আঞ্চলিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে পোর্ট শুয়াইবার একটি কমান্ড সেন্টারে ড্রোনটি আঘাত হানে।

কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর রাশিয়ান সামরিক বাহিনীর বিশেষজ্ঞ দারা ম্যাসিকোট পোস্টকে বলেছেন, “ইরান প্রাথমিক সতর্কীকরণ রাডার বা দিগন্তের উপর নির্ভরশীল রাডারগুলিতে খুব সুনির্দিষ্টভাবে আঘাত হানছে। তারা নিখুঁত টার্গেট করছে। কমান্ড এবং নিয়ন্ত্রণের পিছনে ছুটছে। ইরানের কাছে মাত্র কয়েকটি সামরিক-গ্রেডের স্যাটেলাইট রয়েছে এবং তাদের নিজস্ব কোনও স্যাটেলাইট কনস্টেলেশন নেই এবং রাশিয়ার উন্নত মহাকাশ ক্ষমতা মূল্যবান প্রমাণিত হচ্ছে।”

যদিও হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি পোস্টকে বলেছেন, “ইরানি শাসনব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হার প্রতিদিন হ্রাস পাচ্ছে, নৌবাহিনী নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তাদের উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়ে যাচ্ছে, এবং খুব একটা লড়াই করতে পারছে না।”

তিনি একথা বললেও, যুদ্ধের অষ্টম দিনে আমেরিকা-ইজরায়েলের আক্রমণের পাল্টা প্রত্যাঘাত করছে ইরান। ফের ক্লাস্টার মিসাইল দিয়ে ইজরায়েলের উপর হামলা চালিয়েছে তারা। তেল আভিভে হামলা চালিয়েছে ইরান। ইরানের  মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আভিভে। আমেরিকার আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে, ইরানে লাগাতার ভারী বোমাবর্ষণ করছে আমেরিকা ও ইজরায়েল। তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবল বোমাবর্ষণ করা হয়েছে। বিস্ফোরণের শব্দে কাঁপছে তেহরানের বিভিন্ন এলাকা। পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ পরিস্থিতির মধ্য়ে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘ইরানের কাছে একটাই পথ খোলা। তা হল নিঃশর্ত আত্মসমর্পণ।’ 

(Feed Source: abplive.com)