Balen Shah Nepal Prime Minister: জেন জি-তেই ভরসা, ভারতে দিন কাটানো ‘ভারত বিরোধী’ বালেনই নেপালের প্রধানমন্ত্রী

Balen Shah Nepal Prime Minister: জেন জি-তেই ভরসা, ভারতে দিন কাটানো ‘ভারত বিরোধী’ বালেনই নেপালের প্রধানমন্ত্রী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জেন-জি জিন্দাবাদ নেপালে! নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বালেন শাহের জয় একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। ৯৮ আসনে এগিয়ে রয়েছে বালেন শাহের দল আরএসপি। বালেনের জনপ্রিয়তার ধারেকাছে ঘেঁষতে পারেনি ওলি-প্রচণ্ডরা। ছারখার তাঁদের ভোটব্যাংক।

সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আরোপের মধ্যে দিয়ে ২০২৫-এ নেপালে সূত্রপাত ঘটে ছাত্র বিক্ষোভের। যে বিক্ষোভ নেপালে কেপি শর্মা ওলি সরকারের পতন ঘটায়। জেন জি আন্দোলন থেকে শুরু হওয়া গণবিক্ষোভের জেরে গত ৯ সেপ্টেম্বের নেপালে পতন ঘটে ওলি সরকারের। এরপর অনেক জল গড়িয়েছে পাহাড়ের কোলের এই ছোট্ট দেশটিতে। বৃহস্পতিবার ছিল নেপালের সাধারণ নির্বাচন। নেপাল সংসদের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস’-এর ২৭৫ জন সদস্যকে নির্বাচন করতে বৃহস্পতিবার জোড়া ব্যালটে ভোট দেয় নেপাল।

সেই নির্বাচনেই এবার নেপালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বালেন শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বালেন শাহ ইতিমধ্যেই ঝাপা-৫ আসনে পরাজিত করেছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউএমএল)-এর প্রধান কেপি শর্মা ওলিকে। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত মোট ১১২টি যেতে চলেছে আরএসপির ঝুলিতে। নেপালের নির্বাচনী ইতিহাসে যা হবে সর্বকালীন রেকর্ড। ওদিকে ওলির দল ১২, পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডর দল নেপালি কমিউনিস্ট পার্টি ৬টি আসনে জিততে চলছে।

উল্লেখ্য, নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী এই বালেন শাহ বা বালেন্দ্র শাহের সঙ্গে যোগ রয়েছে ভারতের। দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি অর্জন করেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জনের পর তিনি ফেরত যান নেপালে। পৃথিবীর ১০০ তম জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রয়েছেন বালেন শাহ। পেশায় তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার আর শখে র‍্যাপার। রাজনীতিতে যোগ দেন পরবর্তীতে। ২০২২-এর মে-তে কাঠমাণ্ডুর মেয়র হন তিনি। কোনও পার্টির সমর্থন ছাড়াই একক নির্দল হিসেবে জয়ী হন বালেন শাহ।

নেপালের তরুণ সমাজের মধ্যে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তাঁর জ্বালাময়ী ভাষণে উদ্বুদ্ধ হয় নেপালের তরুণ তুর্কি সমাজ। তিনি-ই নেপালে রাজনীতিবিদদের সন্তানদের হাইপ্রোফাইল লাইফস্টাইলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় শুরু করেছিলেন #Nepokid। যা ট্রেন্ডিং হয়ে যায়। আবার তিনি ভারত বিরোধী বলেও পরিচিত। কাঠমাণ্ডুতে আদিপুরুষ সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করে দিয়েছিলেন মেয়র বালেন্দ্র।

(Feed Source: zeenews.com)