Raiganj University: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে খারাপ খবর! পুরোপুরি বন্ধ একটি বিভাগ, শিক্ষক সংকটে করুণ দশা

Raiganj University: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে খারাপ খবর! পুরোপুরি বন্ধ একটি বিভাগ, শিক্ষক সংকটে করুণ দশা

Raiganj University: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট! ইতিমধ্যেই বন্ধ হয়েছে একটি বিভাগ। বাংলা, ইংরেজি সহ আরও বেশ কয়েকটি বিভাগে স্থায়ী শিক্ষকের সংকট রয়েছে।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

উত্তর দিনাজপুরঃ রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে খুব বেশিদিন হয়নি। কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয় তকমা মেলার পর এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে পড়ুয়াদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পায়। তবে এখন সেখানকারই করুণ দশা! শিক্ষক সংকটে কার্যত ধুঁকছে উত্তর দিনাজপুরের এই বিশ্ববিদ্যালয়।

রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার পর একাধিক নতুন বিভাগ খোলা হয়েছিল, শুরু হয় পঠনপাঠন। তবে কয়েক বছর যেতে না যেতেই সামনে আসছে শিক্ষক সংকটের কথা। ইতিমধ্যেই বন্ধ হয়েছে স্ট্যাটিস্টিক্স বিভাগ। অন্যান্য ডিপার্টমেন্টগুলিতেও পড়াশোনা ব্যাহত হচ্ছে।

শিক্ষক সংকট সম্বন্ধে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, “১৫৬টি স্থায়ী শিক্ষকের পদ থাকলেও বর্তমানে ৯৩ জন শিক্ষক রয়েছেন। ৬৩টি পদ ফাঁকা। চুক্তিভিত্তিক, অস্থায়ী এবং অতিথি শিক্ষক মিলিয়ে আরও ৩৫ জন আছেন। তবে কয়েকটি বিভাগে সমস্যা হচ্ছে। স্ট্যাটিস্টিক্স বিভাগ যেমন বন্ধ। তবে আমরা বহুদিন পর স্থায়ী উপাচার্য পেয়েছি। তাই আশা করছি শূন্যপদগুলি পূরণ হবে”।

অন্যদিকে স্ট্যাটিস্টিক্স বিভাগের বিভাগীয় প্রধান তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যাপিকা ডঃ শকুন্তলা গুপ্ত বলেন, “স্নাতক এবং স্নাতকোত্তর মিলিয়ে শিক্ষকদের স্থায়ী পদের সংখ্যা ৭টি, তবে একজনকেও নিয়োগ করা হয়নি…অফিশিয়ালি বিভাগ রয়েছে, আমায় দায়িত্বে রাখা আছে”।

শকুন্তলাদেবী জানান, গত শিক্ষাবর্ষে স্ট্যাটিস্টিক্স বিভাগ থেকে দু’জন পড়ুয়া স্নাতকোত্তর পাশের পর আর কেউ ভর্তি হয়নি। তবে আগামীদিনে স্থায়ী শিক্ষক নিয়োগ হলে অবশ্যই পড়ুয়ারা ভর্তি হবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স বিভাগই নয়, বাংলা, ইংরেজি, ইতিহাস, সংস্কৃত সহ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগে স্থায়ী শিক্ষকের সংকট রয়েছে। ফলে তৈরি হচ্ছে সমস্যা। এই অসুবিধা কবে দূর হয় সেটাই এখন দেখার।