Indrani Halder Comeback: ‘শ্রীময়ী’ ফুরিয়ে যাননি, দু’বছরের রহস্যময় অজ্ঞাতবাস কাটিয়ে স্বমহিমায় ফিরছেন ইন্দ্রাণী

Indrani Halder Comeback: ‘শ্রীময়ী’ ফুরিয়ে যাননি, দু’বছরের রহস্যময় অজ্ঞাতবাস কাটিয়ে স্বমহিমায় ফিরছেন ইন্দ্রাণী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউডের স্টুডিও পাড়া থেকে সোশ্যাল মিডিয়া—দীর্ঘ দুই বছর একটাই প্রশ্ন ঘোরাফেরা করছিল, কোথায় হারালেন ইন্দ্রাণী হালদার? কেউ বলছিলেন অসুস্থতা, কেউ বা রাজনীতির ব্যস্ততা। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলেন পর্দার ‘শ্রীময়ী’। জানালেন, লড়াইটা ছিল নিজের সঙ্গে, নিজের শরীরের সঙ্গে। সেই কঠিন যুদ্ধ জিতে আবারও লাইট-সাউন্ড-ক্যামেরার দুনিয়ায় ফিরতে প্রস্তুত অভিনেত্রী

পর্দা থেকে দূরে থাকার প্রধান কারণ ছিল ইন্দ্রাণীর যন্ত্রণাদায়ক শারীরিক অসুস্থতা। অভিনেত্রী জানান, কোমরের গুরুতর চোটের কারণে প্রায় দেড় বছর শয্যাশায়ী থাকতে হয়েছিল তাঁকে। চিকিৎসার খাতিরে নিতে হয়েছে প্রচুর স্টেরয়েড, যার ফলে অনেকটাই বেড়ে গিয়েছিল শরীরের ওজন। সেই ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদ—পায়ের লিগামেন্ট ছিঁড়ে আরও ছয় মাসের ঘরবন্দি জীবন। তবে লড়াকু ইন্দ্রাণী হার মানেননি। গত সেপ্টেম্বর থেকে জিমে গিয়ে ঘাম ঝরিয়ে নিজেকে ফের আগের ছাঁচে গড়ে তুলেছেন তিনি।

ইন্দ্রাণী মানেই বাঙালির ঘরের মেয়ে, ড্রয়িংরুমের চেনা মুখ। কিন্তু কামব্যাক পর্বে তিনি গতানুগতিক ছক ভাঙতে চান। ‘শ্রীময়ী’র মতো মেগা-সফল চরিত্রের ছায়া থেকে বেরিয়ে আসতে চান তিনি। ইন্দ্রাণীর সাফ কথা, “এখনও শ্রীময়ী মার্কা চরিত্রের প্রস্তাব আসছে, কিন্তু আমি সেগুলো ফিরিয়ে দিচ্ছি। একদম অন্যরকম কিছু করতে চাই।” তবে তাঁর কাছে নিজের অভিনীত প্রিয় চরিত্র এখনও ‘গোয়েন্দা গিন্নি’র পরমা মিত্র। তাঁর মতে, পরমা আজকের যুগের সঠিক প্রতিনিধি।

ব্যক্তিগত জীবনের লড়াইয়ের মাঝেও এক বিরাট প্রাপ্তি যোগ হয়েছে ইন্দ্রাণীর মুকুটে। লীনা গঙ্গোপাধ্যায়ের সৃ্ষ্ট ‘শ্রীময়ী’ এখন মুম্বই বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। ধারাবাহিকের সংলাপ ও চিত্রনাট্য নিয়ে পড়াশোনা করবেন পড়ুয়ারা। এই সাফল্যে উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, “নিউক্লিয়ার ফ্যামিলির যুগে সবাইকে নিয়ে চলার যে বার্তা এই গল্প দিয়েছে, তা সত্যিই দরকারি ছিল।”

দীর্ঘ বিরতির পর ইন্দ্রাণী হালদারের এই প্রত্যাবর্তন টলিউডের জন্য যে বড় চমক হতে চলেছে, তা বলাই বাহুল্য। এখন দেখার, কোন চরিত্রে নতুন করে দর্শকদের চমকে দেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী।

(Feed Source: zeenews.com)