
অনুষ্ঠান করতে করতে, গান থামিয়ে দেন সুনিধি। তাঁর গলা বসে আসছে। চোখে জল। সজল কণ্ঠে তিনি দর্শকদের জানান, এই পরিস্থিতি তাঁর সঙ্গে কোনোদিন হয়নি। তিনি গান গাইতে পারছেন না। গলায় কিছু সমস্যা হচ্ছে। সঙ্গীতশিল্পী বলেন, ‘আমার গলার অবস্থা ভীষণ খারাপ। আমি জানি, যে কোনও পরিস্থিতি হোক, আপনারা আমার সঙ্গে রয়েছেন। তবে আমি থামতে চাই না, গান গেয়ে যেতে চাই।’ এই কথা বলতে বলতে আবেগে গলা ধরে আসে সুনিধি চৌহানের। তিনি বলেন, ‘হে ঈশ্বর, আমার সঙ্গে এইরকম ঘটনা এর আগে কখনও হয়নি। আমি দুঃখিত। আসলে আমি যখন গান গাই, তখন নিজের ১০০ শতাংশ দিতে চাই। সেটাই গলার জন্য পারছি না।’
এরপরে তাঁর কনসার্ট করার কথা ছিল কলকাতায়। তাঁর ‘আই অ্যাম হোম ইন্ডিয়া ট্যুর’ (I AM HOME India Tour)-এর পরবর্তী ভেন্যু ছিল কলকাতা। তবে নিজের সমস্যার কথা ভেবে, একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন সুনিধি। তিনি লিখেছেন, ‘আমার লখনউয়ের অনুষ্ঠানের ঝলক দেখার পরে, আপনারা হয়তো অনেকেই জানেন যে, আমার গলায় একটা ইনফেকশন হয়েছে। চিকিৎসক আমায় সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এই কারণেই আমায় ভীষণ দুঃখের সঙ্গে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। ১৪ মার্চ আমার যে ‘আই অ্যাম হোম’ (I AM HOME) কনসার্টটি করার কথা ছিল, সেটার সূচি বদলে ২৫ মার্চ করতে হচ্ছে। এর মধ্যে আশা করছি আমি সুস্থ হয়ে যাব এবং আপনারা সবাই ঠিক যেমনটা প্রত্যাশা করেন, তেমন পারফরম্যান্স দিতে পারব। আমি এবং আমার গোটা টিম মনে করে, আপনারা তারই যোগ্য।
সুনিধি আরও লেখেন, ‘আমাদের ‘আই অ্যাম হোম ইন্ডিয়া ট্যুর’ (I AM HOME India Tour) গোটা ভারতে অনেক ভালবাসা পেয়েছে, আশীর্বাদ পেয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র উদ্দেশ্য হল, আপনারা ঠিক যতটা প্রত্যাশা নিয়ে রয়েছেন, কনসার্টে এসে যেন সেই প্রত্যাশা পূরণ হয়। আপনারা যে আমার সমস্যাটা বুঝেছেন, সেটাকে আমি শ্রদ্ধা করি। আমি কৃতজ্ঞ। আপনাদের জ্ঞাতার্থে জানাই, আপনাদের কাছে যে টিকিটগুলি রয়েছে, সেগুলি কনসার্টের পরিবর্তিত দিন পর্যন্ত বৈধ থাকবে। ইতি, আপনাদের সুনিধি চৌহান।’
এখানেই শেষ নয়, সুনিধি আলাদা করে জানিয়েছেন পরবর্তী কনসার্টের দিনক্ষণও। তিনি জানিয়েছেন, তাঁর পরবর্তী কনসার্ট হবে, ২৫ মার্চ, ২০২৬। এটি আয়োজিত হবে কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে। তবে যাঁরা এখনও টিকিট কাটেননি, তাঁদের ও নতুন করে টিকিট কাটার আমন্ত্রণ জানিয়েছেন সুনিধি চৌহান।
(Feed Source: abplive.com)
