Sunidhi Chauhan Kolkata Concert: গলায় সংক্রমণ, লখনউয়ের মঞ্চে ভেঙে পড়েন কান্নায়; কলকাতায় কনসার্টের আগেই বড় সিদ্ধান্ত সুনিধির

Sunidhi Chauhan Kolkata Concert: গলায় সংক্রমণ, লখনউয়ের মঞ্চে ভেঙে পড়েন কান্নায়; কলকাতায় কনসার্টের আগেই বড় সিদ্ধান্ত সুনিধির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুরের জাদুতে তিনি দর্শকদের মাতিয়ে রাখেন কয়েক দশক ধরে। কিন্তু সেই সুরেই এবার ছন্দপতন। গলার মারাত্মক সংক্রমণের কারণে কিছুদিন আগেই লখনউয়ে মঞ্চে কেঁদে ফেলেছিলেন  এবার  কলকাতায় তাঁর বহু প্রতীক্ষিত কনসার্ট স্থগিত করতে বাধ্য হলেন দেশের অন্যতম জনপ্রিয় প্লে-ব্যাক গায়িকা সুনিধি চৌহান। আগামী ১৪ মার্চ তিলোত্তমায় তাঁর পারফর্ম করার কথা থাকলেও, অসুস্থতার কারণে এবার তা পিছিয়ে গেল।

এই পরিস্থিতির সূত্রপাত গত ৭ মার্চ লখনউয়ের কনসার্টে। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই দেখা যায়, সুনিধির গলার স্বর স্বাভাবিক নয়। মঞ্চে গান গাইতে গাইতে আবেগপ্রবণ হয়ে পড়েন গায়িকা। মাঝপথে গান থামিয়ে দর্শকদের কাছে ক্ষমাও চান তিনি। সুনিধি স্বীকার করেন যে, তাঁর গলার অবস্থা অত্যন্ত শোচনীয় এবং কেরিয়ারে এমন পরিস্থিতির সম্মুখীন তিনি আগে কখনও হননি। মঞ্চেই তিনি বলেন, “আমার খুব লজ্জা লাগছে আপনাদের সামনে এভাবে পারফর্ম করতে, কারণ গলা একদম সাথ দিচ্ছে না।” গায়িকার এই অসহায়তা দেখে উপস্থিত দর্শকরা চিৎকার করে তাঁকে সমর্থন জানান এবং সুস্থ হয়ে ফিরে আসার সাহস যোগান।

সুনিধির এই সফরটি ছিল তাঁর স্বপ্নের ‘আই অ্যাম হোম ইন্ডিয়া ট্যুর’-এর অংশ। গত ২৪ ডিসেম্বর ২০২৫-এ মুম্বই থেকে এই ট্যুরের রাজকীয় সূচনা হয়েছিল। এরপর দিল্লি, বেঙ্গালুরু, আমদাবাদ, চেন্নাই, জয়পুর, চণ্ডীগড় এবং ইন্দোরে একের পর এক সফল শো করেছেন তিনি। কলকাতা ছিল এই ট্যুরের অন্তিম গন্তব্য। কিন্তু লখনউয়ের ঘটনার পর চিকিৎসকদের পরামর্শে বিশ্রাম নিতে বাধ্য হয়েছেন শিল্পী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পী এখন চিকিৎসাধীন এবং দ্রুত সেরে উঠছেন। আগামী ২৫ মার্চ তিনি ফের মঞ্চে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় সুনিধি বলেন, ভক্তদের হতাশ করা তাঁর উদ্দেশ্য ছিল না, কিন্তু শারীরিক অবস্থার কাছে তিনি অসহায়। ভক্তরা তাঁর এই সততাকে কুর্নিশ জানিয়েছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন।

(Feed Source: zeenews.com)