Mohun Bagan: গোলের অসংখ্য সুযোগ মিস: অ্যাওয়ে ম্যাচে আটকে গেল মোহনবাগান

Mohun Bagan: গোলের অসংখ্য সুযোগ মিস: অ্যাওয়ে ম্যাচে আটকে গেল মোহনবাগান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচে পাঁচ আর হল না। চলতি আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচে আটকে গেল মোহনবাগান। অসংখ্য গোলের সুযোগ নষ্ট করলেন ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোসরা। চার জয়ের পর  অবশেষে পয়েন্ট নষ্ট করল সের্জিয়ো লোবেরার দল।

এবার আইএসএলের শুরু থেকে দারুণ ছন্দে মোহনবাগান। সের্জিয়ো লোবেরার  কোচিংয়ে কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বাগান। কিন্তু প্রথম চার ম্যাচে জেতার পর বিজয়রথ থামল। বেঙ্গালুরু সঙ্গে ম্যাচ গোলশূন্য ড্র। অথচ শুরুর ১৫ মিনিট বাদ দিলেও গোটা ম্যাচে কিন্তু একচেটিয়া খেলে গেল মোহনবাগানই। প্রতি আক্রমণে এসে বেশ  কয়েকটা সুযোগ তৈরি করেছিল বেঙ্গালুরুও। তবে ঘরের মাঠে তাদের এত ডিফেন্সিভ খেলতে দেখা যায়নি বহুদিন। বেঙ্গালুরু কোচ রেনেডি সিং এক পয়েন্টই পেতে চেয়েছিলেন।

মোহনবাগানে সচল ছিলেন লিস্টন কোলাসো আর মনবীর সিং। কিন্তু তাও কাজের কাজটি হল না। দ্বিতীয়ার্ধ পুরোপুরি মোহনবাগানের। একের এক আক্রমণ। একের এক সুযোগ। কিন্তু গোল হল না। অল্পের জন্য পোস্টের বাইরে গেল  ম্যাকলারেনের শট। গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারলেন না পেত্রাতোস। আলবের্তোর আর একটি শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেল।

অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট খুইয়েও কিন্তু লিগ তালিকায় শীর্ষেই রইল মোহনবাগান।  পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট। রবিবার নর্থইস্টের ঘরের মাঠে গিয়ে তাদের হারিয়ে দিলে বাগানকে টপকে শীর্ষে উঠবে জামশেদপুর এফসি।

(Feed Source: zeenews.com)