DEV vs Swarup Biswas: AC ঘরে বসে আমি কত বড় দাদা, কী দাদাগিরি করতে পারি- এসব ছেড়ে টেকনিশিয়ানদের কথা ভাবুন: দেব ‘বিশ্বাসে’ টলিউডে তুলকালাম

DEV vs Swarup Biswas: AC ঘরে বসে আমি কত বড় দাদা, কী দাদাগিরি করতে পারি- এসব ছেড়ে টেকনিশিয়ানদের কথা ভাবুন: দেব ‘বিশ্বাসে’ টলিউডে তুলকালাম

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উলটে পালটে গেল টলিউডের সমীকরণ। শনিবার টেকনিশিয়ান্স স্টুডিওতে কলাকুশলীদের ‘স্বাস্থ্যসাথী’ কার্ডের রেজিস্ট্রেশন শিবিরকে কেন্দ্র করে দেব যেভাবে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সরব হলেন, তাঁর তেমন রূপ আগে কখনও দেখেনি স্টুডিও পাড়া। দেবের স্পষ্ট কথা, “এসি ঘরে বসে টেকনিশিয়ানদের কষ্ট বোঝা যায় না।”

স্বরূপ বিশ্বাস এর আগে দাবি করেছিলেন, স্বাস্থ্যসাথী কার্ড খুব একটা সহায়ক নয়। এর পাল্টা জবাবে দেব রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন। তিনি সরাসরি স্বরূপের দাদা তথা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাসের প্রসঙ্গ টেনে বলেন, “অরূপ বিশ্বাস ১৩-১৪ বছর ধরে মন্ত্রী। তিনি গ্রামে গ্রামে এই প্রকল্পের প্রচার করেন। তাঁর ছোট ভাই যদি আজ স্বাস্থ্যসাথী নিয়ে প্রশ্ন তোলেন, তবে উত্তর বড় ভাইয়েরই দেওয়া উচিত। অরূপদাকে গিয়ে জিজ্ঞেস করুন, স্বরূপ কেন দিদির প্রকল্পকে খারাপ বলছে?”

অভিযোগ উঠেছে, এই শিবিরে কার্ড করাতে এলে টেকনিশিয়ানদের ‘ব্যান’ করা বা কাজ কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। দেব এই প্রসঙ্গে গর্জে উঠে বলেন, “অনেকে আমাকে বলেছে কার্ড করাতে এলে নাকি ব্যান করে দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রী এই উদ্যোগ আমার জন্য নেননি, নিয়েছেন টেকনিশিয়ানদের জন্য। স্বরূপ দার তো আজ এখানে থাকা উচিত ছিল। ওঁর তো অনেক উপার্জন, ওঁর এই কার্ড দরকার নেই। কিন্তু যাঁদের দরকার তাঁদের কথা কে ভাববে?”

শনিবার সকাল থেকেই স্টুডিও চত্বরে তিল ধারণের জায়গা ছিল না। দেবের এই উদ্যোগের পাশে দাঁড়াতে হাজির হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, পরিচালক সুদেষ্ণা রায়, লীনা গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গুহ এবং শান্তিলাল মুখোপাধ্যায়। প্রায় ৭ হাজার টেকনিশিয়ানের মধ্যে যাঁদের বিমা নেই, তাঁদের জন্য এই প্রকল্প লাইফলাইন হতে চলেছে বলে মনে করছেন শিল্পীরা। ভিড় সামলাতে এবং সবার সুবিধার জন্য দেব আরও দু’দিন রেজিস্ট্রেশন বাড়ানোর কথা ঘোষণা করেছেন।

ভোটের মুখে দেবের এই আগ্রাসী মেজাজ এবং স্বরূপ বিশ্বাসের অনুপস্থিতি টলিপাড়াকে আড়াআড়ি বিভক্ত করে দিয়েছে। এই লড়াই আগামী দিনে বাংলার রাজনীতিতে ও বিনোদন জগতে বড়সড় প্রভাব ফেলবে বলে নিশ্চিত বিশেষজ্ঞরা।

(Feed Source: zeenews.com)