East Bengal: কোচ বনাম ক্লাব বির্তকের মাঝেই জেতা ম্যাচ মাঠে রেখে এল ইস্টবেঙ্গল, অস্কারকে ‘গো ব্যাক’ স্লোগান

East Bengal: কোচ বনাম ক্লাব বির্তকের মাঝেই জেতা ম্যাচ মাঠে রেখে এল ইস্টবেঙ্গল, অস্কারকে ‘গো ব্যাক’ স্লোগান

শুভপম সাহা: কেরালা ম্যাচের ঠিক আগের দিনই ইষ্টবেঙ্গলে ছিল অন্তর্ঘাতের গন্ধ| হেড কোচ অস্কার ব্রুজোর বিতর্কিত মন্তব্যের পাল্টা দিয়েছিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার| যাতে ময়দান বেশ গরম হয়েছিল| এরপর অনেক সমর্থকেরই মনে  সংশয় জেগেছিল যে, ম্যাচে ফুটবলারদের উপর এর প্রভাব পড়বে না তো? ক্লাব বনাম কোচ বিতর্কের মাঝেই ইস্টবেঙ্গল হতশ্রী ফুটবল খেলে জেতা ম্যাচ মাঠে রেখে আসল| শেষ দু’ম্যাচে জামশেদপুরের কাছে ২-১ হার ও গোয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর আবার শনিবার কেরালার কাছে আটকে গেল লাল-হলুদ|

বিরতির আগে…

সদ্যপ্রয়াত প্রাক্তন ফেডারেশন সচিব কুশল দাসের শ্রদ্ধায় মাঠে নীরবতা পালন করেই ইস্টবেঙ্গল-কেরালা ম্যাচের কিক-অফ| ইস্টবেঙ্গল ধিমে আঁচে এদিন খেলা শুরু করে ১০ মিনিটেই প্রথম গোলের দেখা পেয়ে যায়| বক্সের মধ্যে এজেজারিকে ফাউল করে বসেন কেরালার ডিফেন্ডার আইবান| রেফারি সঙ্গে সঙ্গেই হলুদ কার্ড দেখান ও পেনাল্টির নির্দেশ দেন| এজেজারি জোরাল শটে গোল করতে কোনও ভুলই করেননি| নেটে বল জড়িয়েই স্প্যানিয়ার্ড  ফরোয়ার্ড, সাইড লাইনে গিয়ে অস্কারকে কোলে তুলে বিরাট বার্তাই দিয়ে রাখলেন| প্রথমার্ধের বাকি সময়ে ইস্টবেঙ্গল সেভাবে আর গোলের সুযোগ তৈরিও করতে পারেনি| উল্টোদিকে কেরালারও একই ছবি| বিরতির আগে স্কোরলাইন থাকে ১-০|

বিরতির পরে… 

দ্বিতীয়ার্ধের খেলার আট মিনিটের পরেই সাউল ক্রেসপোকে তুলে সৌভিক চক্রবর্তীকে নামান অস্কার| চোট সারিয়ে তিন ম্যাচ পর প্রথম একাদশে ফেরা ক্রেসপো এদিন সেভাবে নজর কাড়তে পারেননি| প্রথমার্ধের গোল ছাড়া ইস্টবেঙ্গলের খেলা সেভাবে নজর কাড়েনি, বিরতির পরেও সেই ঝিমুনি ফুটবলই ছিল, মাঝে মধ্যে এক-দু’টো সুযোগ তৈরি করা ছাড়া আর কিছুই ছিল না চোখে পড়ার মতো| ৬৫ মিনিটে লালরিনডিকাকে তুলে জয় গুপ্তাকে নামান অস্কার| শেষের দিকে গোল তুলে আনতে ইস্টবেঙ্গল কোচ আরও এক পরিবর্তন আনেন| ৮২ মিনিটে বিপিনকে তুলে মহেশকে আনেন| খেলা শেষের আগেই আবার লাল-হলুদের মিগুয়েল আর কেরালার ডিফেন্ডার ফালাউয়ের মধ্যে আবার ধাক্কাধাক্কিও হয়ে যায়| তাতে কিছুটা সময় খেলা বন্ধ থাকে| যার জেরে ৬ মিনিট অতিরিক্ত সময় খেলা চলে, আর ঠিক তখনই গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল| ম্যাচের ৯৩ মিনিটে এবিনদাসের কর্নার থেকে কেরালার এক নম্বর ফরোয়ার্ড মহম্মদ আজসাল হেডে গোল করে ইস্টবেঙ্গলের বুক ভেঙে দেয়| তবে ড্র করে লিগ টেবলে তিনে উঠে এল ইস্টবেঙ্গল| ওদিকে ১২ নম্বরে থাকা কেরালা এই প্রথম পয়েন্ট পেল| তবে ইস্টবেঙ্গলের এই হার একেবারেই প্রত্যাশিত নয়| জেতা ম্যাচ ড্র করায় সমর্থকদের একাংশ গ্যালারিতে ক্ষোভ প্রকাশ করেন| অস্কারকে দিলেন ‘গো-ব্যাক’ স্লোগান।

(Feed Source: zeenews.com)