
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাসপাতালে কেয়ার আইসিইউিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভয়াবহ আগুনে পুড়ে জীবন্ত ঝলসে গেল ১০ রোগী। কমপক্ষে ১১ জন হাসপাতালের কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ওড়িশার কটকের এসবিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। রাত আড়াইটে-তিনটে নাগাদ ঘটনাটি ঘটে।
হাসপাতালের ট্রমা কেয়ার আইসিইউতে যখন আগুন লাগে, তখন সেখানে বহু আশঙ্কাজনক রোগী চিকিৎসাধীন ছিলেন। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং হাসপাতালে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। মুখ্যমন্ত্রী জানান, মোট ২৩ জন রোগীকে অন্য বিভাগে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানান্তর করার সময় সাতজন এবং পরে আরও তিনজন রোগীর মৃত্যু হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। তিনি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ভাষ্যমতে, যারা রোগীদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন, তাদের যথাযথ চিকিৎসা চলছে। মৃত রোগীদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আরও জানান, সরকার হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করছে। চলতি অর্থবছরে ৪২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং আগামী বছরের জন্য আরও ৪০০ কোটি টাকা রাখা হয়েছে। অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমানে অন্য আইসিইউতে রোগীদের চিকিৎসা চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।
(Feed Source: zeenews.com)
