জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আচমকাই ভারতীয় ফুটবলে নেমে এল গভীর শোকের ছায়া। মাত্র ২৫ বছরে মৃত্যু হল নামধারী এফসি-র (Namdhari FC) ডিফেন্ডার রবিন্দর সিং (Ravinder Singh) ম্য়াচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হল পঞ্জাবের লুধিয়ানার তরুণ তারকার। দেশের প্রতিশ্রুতিবান ফুটবলারের মর্মান্তিক ও আকস্মিক মৃত্যুতে সমগ্র ভারতীয় ফুটবল অঙ্গন যেন থমকে গেল।
কীভাবে এই মর্মান্তিক ঘটনা
পঞ্জাবের লুধিয়ানার মাজরি গ্রামের বাসিন্দা ছিলেন রবিন্দর। তিনি নওয়ানশহর জেলার বচ্ছৌরি গ্রামে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে অংশ নিচ্ছিলেন। ম্যাচ চলাকালীন খেলতে খেলতে হঠাৎই বুকে তীব্র ব্যথা অনুভব করেন রবিন্দর। এরপরেই মাঠে লুটিয়ে পড়েন তিনি। এরপর তড়িঘড়ি তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গত বুধবার এই ঘটনা ঘটলেও, সারা দেশে তা ছড়িয়ে পড়তে একদিনেরও বেশি সময় লেগে গেল। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ লিগ হিসেবে এখন পরিচিত ইন্ডিয়ান ফুটবল লিগ (IFL)। যা আগে পরিচিত ছিল আই-লিগ (I-League) নামে। পাঞ্জাবের ভাইনি সাহেব ভিত্তিক নামধারী আইএফএলে অংশ নেয়। সেই ক্লাবেরই তারকা হয়ে উঠেছিলেন রবিন্দর। আগামী দিনে তিনি জাতীয় দলের তারকা হয়ে উঠবেন বলেই মনে করছিল ফুটবলমহল। কিন্তু সব শেষ!
শোকের গুমোট পরিবেশ
এক সর্বভারতীয় দৈনিকে লেখা হয়েছে, রবিন্দরের নিজের গ্রামেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মুখাগ্নি করেছেন রবিন্দরের ভাই ভূপিন্দর সিং। তাঁর শেষকৃত্যে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব এবং এলাকার বহু সতীর্থ ফুটবলার উপস্থিত ছিলেন। সেই শোকের গুমোট পরিবেশ ছিল অকল্পনীয়। ফুটবলের পাশাপাশি রবিন্দর পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন। গড়শঙ্করের বাব্বর আকালি মেমোরিয়াল খালসা কলেজে বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। দেশের একাধিক ফুটবল ক্লাবও রবিন্দরকে হারিয়ে শোকস্তব্ধ। সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসিও আবেগঘন বার্তা ও পোস্টের মাধ্যমে তাঁকে স্মরণ করেছে।
হৃদরোগের প্রবণতা বাড়ছে
রবিন্দরের হঠাৎ মৃত্যু আবারও তরুণ ক্রীড়াবিদদের মধ্যে বেড়ে চলা অপ্রত্যাশিত স্বাস্থ্যজনিত ঘটনার বিষয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তাঁর এই অকাল প্রয়াণে ফুটবল মহলে গভীর শোক নেমে এসেছে, কারণ তিনি ছিলেন এক প্রতিভাবান ফুটবলার, যার ক্যারিয়ার তখনই ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করেছিল। ক্রীড়া জগতের বিভিন্ন প্রান্ত থেকে যখন একের পর এক শোকবার্তা পৌঁছাচ্ছে, তখন রবিন্দর সিংকে মনে রাখা হবে ফুটবলের প্রতি তাঁর অগাধ ভালোবাসা এবং মাঠে নামধারি এফসি-র প্রতিনিধিত্ব করার প্রতি তাঁর নিষ্ঠার জন্য। ক্রিকেট হোক বা ফুটবল, খুব অল্প বয়সে হৃদরোগের আক্রান্ত হয়ে প্রয়াণের খবর প্রায়ই আসছে…
(Feed Source: zeenews.com)
