Dubai Drone Attack: টার্গেট দুবাই এয়ারপোর্ট: ভয়ংকর হামলায় দাউদাউ করে জ্বলছে তেলের ট্যাঙ্ক, ফের বন্ধ বিমান চলাচল

Dubai Drone Attack: টার্গেট দুবাই এয়ারপোর্ট: ভয়ংকর হামলায় দাউদাউ করে জ্বলছে তেলের ট্যাঙ্ক, ফের বন্ধ বিমান চলাচল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় দুই সপ্তাহের কাছাকাছি ইরান-ইসরায়েল-আমেরিকা যুদ্ধ। এখনও উত্তেজনার পারদ চরমে। সোমবার ফের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়ংকর ড্রোন হামলা। সোমবার ড্রোন হামলায় একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগে যায়। এই ঘটনার পর নিরাপত্তার খাতিরে বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দুবাই মিডিয়া অফিস এক্স হ্যান্ডেলে জানিয়েছে, বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোনের আঘাতে আগুন ধরে যায়। খবর পাওয়া মাত্রই ‘দুবাই সিভিল ডিফেন্স’-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষ ও কর্মীদের সুরক্ষায় সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

নিরাপত্তার কথা মাথায় রেখে দুবাই সিভিল এভিয়েশন অথরিটি বিমানবন্দরের সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। বেশ কিছু ফ্লাইট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরিয়ে ‘আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে’ পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে দুবাই পুলিস বিমানবন্দর সংলগ্ন রাস্তা এবং টানেল বন্ধ করে দিয়েছে। যাত্রীদের তাদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তাদের মতে, এই সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় ১,৮০০-র বেশি মিসাইল ও ড্রোন ছুড়েছে। যদিও প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা রুখে দিয়েছে, তবুও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এ পর্যন্ত চারজন বেসামরিক ব্যক্তি ও দুইজন সামরিক কর্মীসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই দুবাইয়ের ডাউনটাউনে বিস্ফোরণের শব্দ শুনতে যাওয়ার পর বিল্ডিংয়ের উপর কালো ধোঁয়া দেখা যায়। তার ঠিক পিছনেই বুর্জ খালিফা। গত বৃহস্পতিবার দুবাই শহর কর্তৃপক্ষ জানায়, দুবাইয়ে একটি ছোট ড্রোন হামলা ঘটেছে। তারপরই শুক্রবার ফের দুবাইয়ে জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। বিস্ফোরণের তীব্রতায় শহরের বিভিন্ন বিল্ডিং কেঁপে ওঠে। শহরের কেন্দ্রস্থলে ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরে উঠতে দেখা যায়। যদিও স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, এই ঘটনায় কেউ আহত হয়নি।

(Feed Source: zeenews.com)