Swapna Burman TMC Candidate: অ্যাথলেটিক্স থেকে ভোটের ময়দানে পা ১২ আঙুলের মেয়ের, সোনার স্বপ্নাকে টিকিট দিয়ে মাস্টারস্ট্রোক রাজ্যের শাসক দলের

Swapna Burman TMC Candidate: অ্যাথলেটিক্স থেকে ভোটের ময়দানে পা ১২ আঙুলের মেয়ের, সোনার স্বপ্নাকে টিকিট দিয়ে মাস্টারস্ট্রোক রাজ্যের শাসক দলের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৮ সালের এশিয়াড (Asian Games 2018)। জাকার্তায় ভারতীয় অ্যাথলেটিক্সে ইতিহাস লিখেছিলেন জলপাইগুড়ির ঘোষ পাড়ার রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না বর্মণ (Swapna Burman)। হেপ্টাথলনের মতো কঠিনতম ইভেন্টে স্বর্ণপদক ছিনিয়ে এনেছিলেন স্বপ্না। প্রথম ভারতীয় মহিলা হিসেবে এশিয়াড থেকে সাত ইভেন্টের মিলিত ইভেন্ট থেকে সোনা জিতেছিলেন স্বপ্না। তাঁর সোনার দৌড়ের রাস্তা ছিল রীতিমতো কাঁটা বিছানো। গোড়ালি,হাঁটু, কোমর ও দাঁতের অসহনীয় যন্ত্রণা সত্ত্বেও স্বপ্না সোনা জিতেছিলেন। দু’পায়ে ছ’টা করে বারোটা আঙুল স্বপ্নার। যা দৌড় এবং জাম্পে বিরাট সমস্যা তৈরি করে। তবুও অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা একরোখা মেয়ে সব বাধা পেরিয়েই মাইলস্টোন তৈরি করেছিল। আর এবার অ্যাথলেটিক্স ট্র্যাক থেকে ভোটের ময়দানে স্বপ্না (Swapna Burman TMC Candidate List 2026)।

রায়গঞ্জের প্রার্থী স্বপ্না

১৭ মার্চ মঙ্গলবার, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাসভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ২৯১ সিটের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রকাশিত প্রার্থী তালিকায় ১৮ নম্বরে নাম জ্বলজ্বল করছে বাংলার ‘গোল্ডেন গার্ল’ স্বপ্নার। রাজ্যের শাসক দল স্বপ্নারে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের টিকিট দিয়ে উত্তরবঙ্গের রাজনীতিতে মাস্টারস্ট্রোক দিয়ে ফেলল। জানুয়ারি থেকে মার্চ, তিন মাসের মধ্যে স্বপ্নার জীবনে একের পর এক ঘটনা ঘটেছে। যা স্বপ্নার রাজনৈতিক আঙিনায় উপস্থিতি জোরাল হওয়ারই ইঙ্গিত ছিল।

স্বপ্নার সাম্প্রতিক টাইমালইন

গত ১৬ জানুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন শিলিগুড়ির মাটিগাড়ায়। সেখানে ১৭.৪১ একর জমির ওপর নির্মিত হতে চলেছে ‘মহাকাল মহাতীর্থ’ শিবমন্দির। যেখানে বিশ্বের অন্যতম বড় ২১৬ ফুট উচ্চতার শিব মূর্তি স্থাপন হবে। এই শিবমন্দিরের শিলান্যাস করেছিলেন মমতা। ওই অনুষ্ঠানে স্বপ্নাকে সংবর্ধনা দিয়েছিলেন মমতা। দীর্ঘক্ষণ কথাও হয় মুখ্যমন্ত্রী ও অ্যাথলিটের। তখনই জল্পনা দানা বাঁধছিল, তাহলে এবার কী রাজনীতির ট্র্যাকে পা রাখছেন। গত ২৭ ফেব্রুয়ারি যাবতীয় জল্পনা শেষ হয়ে যায়। তৃণমূল ভবনে স্বপ্নার হাতে দলের পতাকা তুলে দেন রাজ্যের দুই মন্ত্রী-ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবও। স্বপ্নার হাতে টিমএসি-র ঝান্ডা দেখেই রাজনৈতিকমহলে আলোচনা শুরু হয়ে যায় যে, এবার কি স্বপ্না টিকিটও পাবেন? আর ঠিক সেটাই ঘটল। স্বপ্নাকেই প্রার্থীই করল তূণমূল।

স্বপ্নার বায়োডেটা

জাকার্তায় এশিয়াড সোনা ছাড়াও স্বপ্না এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও ছাপ রেখেছেন। ২০১৭ সালে ভুবনেশ্বরে সোনা জিতেছিলেন তিনি। এরপর ২০১৯ সালে দোহা ও ২০২৩ সালে ব্যাংককে রুপো জেতেন স্বপ্না। ২০২২ সালে জাতীয় গেমসে হেপ্টাথলনে সোনা জিতে হাই জাম্পে গেমস রেকর্ডও করেছিলেন। ফেডারেশন কাপেও (২০২১ ও ২০১৭) জোড়া সোনা আছে স্বপ্নার।

তৃণমূলের তিন প্লেয়ার

তৃণমূল বিধানসভা ভোটের টিমলিস্টে তিন ক্রীড়াবিদকে রেখেছে। স্বপ্না ছাড়াও তৃণমূলে রয়েছেন তুফানগঞ্জের তুফানি পেসার শিবশঙ্কর পাল। লক্ষ্মীরতন শুক্লা এবং মনোজ তিওয়ারিদের দেখানো পথেই পা রেখেছেন রঞ্জিতে মহম্মদ শামি ও আকাশ দীপদের কোচ। মহম্মদ মুফতি আব্দুল মতিন, ডঃ তনুশ্রী হাঁসদার সঙ্গে সকালে তৃণমূলে যোগ দিয়েই বিকালে টিকিট পেলেন শিবশঙ্কর। তুফানগঞ্জে ঘাসফুলের প্রার্থী বঙ্গ ক্রিকেটের ম্যাকো। এবার আসন বদলেছে বাংলার প্রাক্তন তারকা ফুটবলার বিদেশ বোসের। হুগলির সপ্তগ্রামের টিকিটে লড়বেন মোহনবাগানের ‘ঘরের ছেলে’। এর আগে উলুবেড়িয়ার বিধায়ক ছিলেন তিনি। যদিও এবার আর টিকিট পেলেন না শিবপুরের বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারি। ওদিকে দুই প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং মানস ভট্টাচার্যের নাম ভোটের টিকিট পাওয়ার দৌড়ে থাকলেও তাদের টিকিট দেয়নি তৃণমূল।

(Feed Source: zeenews.com)