)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’ (KD: The Devil)-এর একটি গানের কথা ও ভিডিয়ো নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম ছিল দক্ষিণী ও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। এই গান নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদও। অবশেষে সেই বিতর্কিত গান এবং অশালীন লিরিক্সের সমালোচনা নিয়ে মুখ খুললেন খোদ অভিনেত্রী নোরা ফতেহি। বুধবার ভিডিও বার্তার মাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী। নোরার দাবি, তিনি নিজে কখনোই ‘অশ্লীলতা’ সমর্থন করেন না।
পরিচালক প্রেম-এর এই ছবিতে এই বিতর্কিত গানে দেখা যাচ্ছে সঞ্জয় দত্ত এবং নোরা ফতেহিকে। গানটির কন্নড় সংস্করণ ‘সারসে নিন্না সেরাগা সারসে’ মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের মুখে পড়ে নোরা। নেটিজেনদের একাংশ এবং ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিরা লিরিক্সের ‘অশালীনতা’ নিয়ে কড়া সমালোচনা করেন। তবে বিতর্কের মাত্রা ছাড়িয়ে যায় যখন এর হিন্দি ডাব সংস্করণ ‘সরকে চুনরি তেরি সরকে’ মুক্তি পায়। তীব্র প্রতিবাদের মুখে নির্মাতারা ইউটিউব থেকে হিন্দি সংস্করণটি সরিয়ে নিতে বাধ্য হন।
এদিন ভিডিওতে নোরা জানান, গানটি প্রায় তিন বছর আগে শ্যুট করা হয়েছিল। তিনি বলেন, “আমি এই প্রোজেক্টে রাজি হয়েছিলাম কারণ এখানে সঞ্জয় দত্তের মতো কিংবদন্তির সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ ছিল। আমি ভেবেছিলাম এটি ‘খলনায়ক’ ছবির কোনো আইকনিক গানের রিমেক হতে চলেছে।” লিরিক্স নিয়ে নিজের অজ্ঞতার কথা স্বীকার করে তিনি বলেন, “কন্নড় ভাষা আমি বুঝি না। নির্মাতারা যখন আমায় ব্রিফ করেছিলেন, তখন আমি আপত্তিকর কিছু খুঁজে পাইনি।”
নোরা আরও জানান, হিন্দি সংস্করণটি শোনার পরই তিনি পরিচালক প্রেমকে সতর্ক করেছিলেন যে এটি বিতর্ক তৈরি করতে পারে। এমনকি প্রচার থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। ক্ষোভ প্রকাশ করে নোরা বলেন, “প্রথমত, কন্নড় লিরিক্যাল ভার্সনে আমার যে ছবিগুলো ব্যবহার করা হয়েছিল, তাতে আমার কোনো অনুমতি নেওয়া হয়নি। দ্বিতীয়ত, গানটির প্রচারে আমার ও সঞ্জয় দত্তর AI ইমেজ ব্যবহার করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এআই-এর ব্যবহারের ঘোর বিরোধী।”
পুরো ঘটনাটিকে একটি ‘শিক্ষা’ হিসেবে দেখছেন এই গ্ল্যামারাস ডিভা। নোরার কথায়, জনসাধারণের সমালোচনাকে তিনি ইতিবাচকভাবেই নিচ্ছেন। এটি ভবিষ্যতে তাকে কাজের চিত্রনাট্য বা ভাষা নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্ক হতে সাহায্য করবে।
(Feed Source: zeenews.com)
