
কলকাতা: চর্চার কেন্দ্রে নোরা ফতেহি (Nora Fatehi)। নোরা ও সঞ্জয় দত্ত-এর অভিনীত কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর আইটেম গান ‘সরকে চুনর’ নিয়ে শুরু হয়েছে এই সমালোচনা। এই গানের লিরিক্স নিয়ে প্রবল আপত্তি জানিয়েছেন বহু মানুষ। ঘটনা গড়িয়েছে সংসদ পর্যন্ত, তীব্র নিন্দা করা হয়েছে। ইতিমধ্যেই গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক আইটেম সং প্রবলভাবে সমালোচিত হয়েছে। গানের কথা থেকে শুরু করে নাচের স্টেপস.. সমস্ত কিছুই সমালোচিত হয়েছে প্রবলভাবে। তবে সেই গান ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়নি।
সদ্যই যে গানগুলি তার লিরিক্স আর নাচের স্টেপের জন্য সমালোচিত হয়েছে, তার মধ্যে অন্যতম হল ‘দাবিডি দিবিডি’। তেলুগু ছবি ‘ডাকু মহারাজ’-এ ব্যবহৃত হয়েছিল এই গানটি। এই গানের সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছিল ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela) ও নন্দমুরি বালাকৃষ্ণকে। কিন্তু এই গানের ভিডিওটি মুক্তি পেতেই শুরু হয়েছিল বিতর্ক। যে সময়ে এই গানের শ্যুটিং হয়, সেই সময়ে নন্দামুরির বয়স ছিল ৬৪ বছর অন্যদিকে ঊর্বশীর বয়স ছিল মাত্র ৩০ বছর। বিশাল এই বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও কীভাবে নন্দমুরি ঊর্বশীর সঙ্গে এইরকম অশ্লীল গানে নাচতে রাজি হলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে এই গানটি ইউটিউব থেকে মোটেই সরিয়ে নেওয়ার মতো পরিস্থিতি হয়নি। বরং ইউটিউবে এই গানটির কয়েক মিলিয়ন ভিউ হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি নিজের বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুলেছেন নোরা। ভিডিও বার্তায় তিনি জানান, হিন্দি গানটির লিরিক্স সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না। এই বিষয়ে তিনি বেশি কিছু জানতেন না। অভিযোগ করেন, তাঁর অনুমতি ছাড়া এটা করা হয়েছে। তিনি গানটি মূলত কন্নড় ভাষায় শুট করেছিলেন এবং সম্পূর্ণভাবে টিমের দেওয়া নির্দেশের ওপর নির্ভর করে করেছেন। তিনি বলেন, ‘গানটির শুটিং ৩ বছর আগে কন্নড় ভাষায় করেছিলাম। এটা করেছিলাম কারণ এটি একটি বড় সিনেমার অংশ ছিল এবং এতে সঞ্জয় দত্তের মতো একজন বড় অভিনেতা অভিনয় করছিলেন। তাঁর সঙ্গে কাজ করতে কে না চায়? যখন আমি এই গানটির অনুবাদ শুনি তখন আমার কাছে কিছুই অনুপযুক্ত বা অশ্লীল মনে হয়নি। কিন্তু আমি তো কন্নড় বুঝি না, তাই তাঁরা যা বলছেন আমি তাই করেছি।’
(Feed Source: abplive.com)
