
কলকাতা: কবে আসবে ‘পঞ্চায়েত সিজিন ৫’ (Panchayat Season 5), সেই প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে রয়েছে তামাম অনুরাগীরা। সিজন ৪-এর পরে মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন, এরপরে কী হবে ‘সচিবজী’ আর ‘রিঙ্কি’-র? কে হলে ফুলেরা-র নতুন প্রধান.. এই প্রশ্নের উত্তর জানতে চায় সবাই। অবশেষে অনুরাগীদের জন্য সুখবর। সদ্যই মুম্বইতে একটি অনুষ্ঠান করা হয় ‘পঞ্চায়েত’-এর কলাকুশলীদের নিয়ে। আর সেখানেই ঘোষণা করা হয়, খুব তাড়াতাড়িই মুক্তি পাচ্ছে, ‘পঞ্চায়েত সিজিন ৫’।
তবে এখনও পর্যন্ত, নতুন সিজিন মুক্তির দিন ঘোষণা করা হয়নি অ্যামাজন প্রাইম ভিডিও-র তরফ থেকে। তবে অনুরাগীদের জানানো হয়েছে, চলতি বছরেই মুক্তি পাবে ‘পঞ্চায়েত সিজিন ৫’। ফুলেরায় পঞ্চায়েত সচিব অভিষেকের জীবন, গ্রামের প্রধান রিঙ্কির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক আর ফুলেরার রাজনীতি.. এই সমস্ত বিষয় নিয়ে এগিয়ে যাবে ছবির গল্প। সূত্রের খবর, গল্পের পরবর্তী অংশে দেখানো হবে, গ্রামের সচিব বদল হবে। ভূষণের স্ত্রী, ক্রান্তিদেবী হবে গ্রামের নতুন প্রধান। কিন্তু কাজ করা কার্যত কঠিন হয়ে পড়ে অভিষেকের জন্য। ফের MBA-র পড়াশোনায় মন দেয় অভিষেক। তবে ফুলেরা থেকে কি চলেই যাবে ‘সচিব’? যাবতীয় উত্তর মিলবে ‘পঞ্চায়েত সিজিন ৫’-এ!
এই সিরিজের গল্প লিখেছেন চন্দন কুমার। এই সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়জল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, অশোক পাঠক ও সুনীতা রাজওয়ার। ২০২৫ সালের জুন মাসে মুক্তি পেয়েছিল ‘পঞ্চায়েত সিজন ৪’। এরপরে, ‘পঞ্চায়েত সিজন ৫’-এর গল্পের ইঙ্গিত দেওয়া হয়েছিল নির্মাতাদের তরফ থেকেই। ‘পঞ্চায়েত সিজিন ৫’-এর একটি পোস্টার শেয়ার করে নেওয়া হয়েছিল। আর সেই ছবির ক্যাপশানে লেখা হয়েছিল, ‘ফুলেরা আসার জন্য ফের একবার তৈরি হয়ে যান’। তার সঙ্গে যে পোস্টারটা শেয়ার করে নেওয়া হয়েছে সেটা বেশ আকর্ষণীয়। সেখানে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছে বিনোদ অর্থাৎ অভিনেতা অশোক পাঠক। তাঁকে দিব্য খুশি দেখাচ্ছে। আর তার চেয়ারের দুটি দিক বয়ে নিয়ে যাচ্ছে ভূষণ আর মাধব। অন্যদিক থেকে চেয়ার ধরে রয়েছে বিকাশ আর প্রহ্লাদ। তার পাশে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে অভিষেক অর্থাৎ সচিব, মঞ্জু দেবী, ব্রিজভূষণ আর রিঙ্কি। অন্যদিকে ক্রান্তি দেবীর হাতে রয়েছে প্রেশার কুকার আর মঞ্জু দেবীর হাতে রয়েছে লাউ।
এই ছবিই যেন বলে দিচ্ছে অনেক কিছু। প্রথম যেই ইঙ্গিত দেওয়া রয়েছে, তাতে বোঝা যাচ্ছে, আগামী সিজনে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিনোদকে। তবে এই ইঙ্গিতও দেওয়া রয়েছে যে মঞ্জু দেবী আর ক্রান্তি দেবীর দলের মধ্যে মিল হয়ে যেতে পারে। আর সেই মিল হয়ে যাওয়ার প্রধান কান্ডারি হতে পারে বিনোদ। তবে বিষয়টা একেবারেই এতটা সোজা হবে না বলে মনে করছেন অনুরাগীরা।
(Feed Source: abplive.com)
