
কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে আইপিএলে ওপেন করবেন কারা? ২৮ মার্চ শুরু হচ্ছে আইপিএল। ২৯ মার্চ, টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে নাইটদের অভিযান। সেই ম্যাচে কেকেআরের জার্সিতে ইনিংস ওপেন করতে নামবেন কোন দুজন?
জায়গা দুই। বিকল্প অন্তত চার। কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে নিজে টি-২০ ক্রিকেটে ওপেন করতে পছন্দ করেন। বিশেষজ্ঞরাও মনে করেন যে, রাহানের খেলার যা ধরন, তাতে প্রথম ৬ ওভারের ফিল্ডিংয়ের বিধিনিষেধ কাজে লাগিয়ে রান তুলতে দড়। বরং পরের দিকে নামলে বিগহিট নেওয়ার পরীক্ষা দিতে হবে। যা ধ্রুপদী ব্যাটিং ঘরানার রাহানের পক্ষে কঠিন। যদিও বিরুদ্ধ মত আছে। কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন, চেন্নাই সুপার কিংসের হয়ে তিন নম্বরে ব্যাট করে সফল ছিলেন রাহানে।
সুনীল নারাইনকে ওপেনার হিসাবে খেলিয়ে প্রতিপক্ষের সব হিসেবনিকেশ উল্টে দিয়েছিলেন অধিনায়ক গৌতম গম্ভীর। পরে মেন্টর হিসাবে ফিরেও নারাইনকে ওপেনিংয়ে ফেরান। বিধ্বংসী ব্যাট করে আস্থার মর্যাদা রাখেন নারাইন। কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করার নেপথ্যে বোলার নারাইনের পাশাপাশি ওপেনার নারাইনও অন্যতম কারিগর। নারাইনকে দিয়ে কি এবারও ইনিংস ওপেন করিয়ে ফের ফাটকা খেলবে কেকেআর?
এর সঙ্গে যোগ হয়েছেন টিম সাইফার্ট ও ফিন অ্যালেন। নিউজ়িল্যান্ডের দুই বিধ্বংসী ব্যাটারকে মিনি নিলাম থেকে দলে নিয়েছে কেকেআর। নিউজ়িল্যান্ডের হয়ে টি-২০ ক্রিকেটে দুজনে ইনিংস ওপেন করেন। অ্যালেন কী করতে পারেন, ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে তা দেখিয়েছেন। ৩৩ বলে তাঁর সেই সেঞ্চুরি বিশ্বকাপের রূপকথায় জায়গা করে নিয়েছে। সাইফার্টও ঝোড়ো ব্যাটিং করেন। নিউজ়িল্যান্ডকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যেতে এই জুটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। শুক্রবার কেকেআরের প্র্যাক্টিস ম্যাচে ইনিংস ওপেন করে যেভাবে ঝড় তুলেছিলেন, ল্যাপ স্কুপে ছক্কা মেরেছেন, সাইফার্টও ওপেন করার অন্যতম দাবিদার।
তাহলে কি অ্যালেন-সাইফার্ট জুটিকে ওপেন করিয়ে প্রতিপক্ষ বোলিংকে ছারখার করবে কেকেআর? সেক্ষেত্রে বাকি দুই বিদেশি হিসাবে খেলাতে হবে নারাইন ও ক্যামেরন গ্রিনকে। আর বোলিংয়ে ভরসা রাখতে হবে ভারতীয়দের ওপর।
নাইট শিবির স্বাভাবিকভাবেই ধোঁয়াশা রাখছেন। কৌশল ভাঙতে চাইছে না। অজিঙ্ক রাহানে বলছেন, ‘আমাদের ব্যাটিং বিভাগ দুর্দান্ত। বেশিরভাগ ব্যাটারই দারুণ ছন্দে। বিদেশি ক্রিকেটারেরাও দারুণ ফর্মে। প্রত্যেকের প্রস্তুতি খুব ভাল হয়েছে। কারা কোন পোজিশনে খেলবে এখনই বলব না, কিন্তু প্রত্যেক ব্যাটারই দুর্দান্ত ছন্দে।’
দলের ব্যাটিং কোচ হয়ে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত অলরাউন্ডার শেন ওয়াটসন। তিনি বলছেন, ‘এটাই এই কেকেআর দলের সৌন্দর্য। বিশ্বমানের অবিশ্বাস্য সব বিকল্প রয়েছে আমাদের হাতে। দারুণ দক্ষ ক্রিকেটার রয়েছে। কাকে কোথায় খেলানো হবে, সেটা বড় চ্যালেঞ্জ বৈকি! প্রথম ম্যাচ থেকেই সঠিক কম্বিনেশন খেলাতে চাই। তারপর টুর্নামেন্ট যত এগোবে, সামান্য রদবদল করতে হতে পারে।’
আর কোচ অভিষেক নায়ার বলছেন, ‘আমাদের খুব দক্ষ ও অভিজ্ঞ একজন ব্যাটিং কোচ রয়েছে। আমাদের প্রথম কাজই হবে ব্যাটিংয়ের টপ অর্ডার গুছিয়ে নেওয়া। আইপিএল মানে ছন্দ ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। গত বছর কী হয়েছিল বড় কথা নয়, এবার কী হবে সেটাই গুরুত্বপূর্ণ। সকলে যদি নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারে, দল দারুণ করবে।’
(Feed Source: abplive.com)
