সন্তানের প্রসব, চিকিৎসার জন্যও টাকা নেই অ্যাকাউন্টে! নীনা গুপ্তাকে নিতে হয়েছিল সাহসী সিদ্ধান্ত

সন্তানের প্রসব, চিকিৎসার জন্যও টাকা নেই অ্যাকাউন্টে! নীনা গুপ্তাকে নিতে হয়েছিল সাহসী সিদ্ধান্ত

কলকাতা: নীনা গুপ্তা (Neena Gupta)। এই অভিনেত্রীর কাছে বয়স সংখ্যামাত্র! পাশাপাশি, নীনা গুপ্তা বললেই যে আদর্শ মাথায় আসে, তা হল সাহসী সিদ্ধান্ত। মাতৃত্ব নিয়ে কার্যত যুগান্তকারী একটি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই সময়ে দাঁড়িয়ে, বিয়ে না করে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নীনা গুপ্তা। ভিভ রিচার্ডস আর নীনা গুপ্তার কন্যা মাসাবাকে, নীনা বড় করেছেন একার হাতেই। বর্তমানে মাসাবা নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। একা হাতে মেয়েকে বড় করলেও, কেরিয়ারের সঙ্গে কোনও আপোষ করেননি নীনা। কাজ করে গিয়েছেন।

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে নীনা বলেছেন, তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন, সেই সময়ে তাঁর অ্যাকাউন্টে প্রায় টাকা ছিল না। গর্ভাবস্থায় দীর্ঘদিন অভিনয় করতে পারেননি তিনি, ফলে ছিল না টাকাও। সন্তানের দায়িত্ব সেই সময়ে নেননি ভিভ রিচার্ডস ও। একাই সন্তানের জন্ম দিয়েছিলেন নীনা গুপ্তা। অভিনেত্রী বলেছিলেন, চিকিৎসক তাঁকে আগেই জানিয়েছিলেন যে, সন্তানের স্বাভাবিক পদ্ধতিতে প্রসব তাঁর পক্ষে সম্ভব নয়। শরীরের ক্ষতি হতে পারে। তবে চিকিৎসক এ ও জানিয়েছিলেন যে, সি সেকশনের জন্য প্রয়োজন ছিল ১০ হাজার টাকা। অঙ্কটা সেই সময়ের প্রেক্ষিতে অনেকটাই। কিন্তু নীনার অ্যাকাউন্টে সেই সময়ে পড়ে ছিল মাত্র ২ হাজার টাকা!

নীনা বলেছিলেন, নীনা হাল ছেড়ে দিয়েছিলেন যে তিনি সি সেকশন করাতে পারবেন না। ঝুঁকি নিয়েও তাঁকে স্বাভাবিক ডেলিভারি করাতেই হবে। কারণ সি সেকশন করার মতো পয়সা তাঁর নেই। কিন্তু সেই সময়েই নীনার অ্যাকাউন্টে ট্যাক্স রিফান্ড হিসেবে ১০ হাজার টাকা ঢোকে। অর্থাৎ নীনার অ্যাকাউন্টের ব্যালেন্স হয়ে যায় ১২ হাজার টাকা। নীনা তারপরে সি সেকশন করাতে রাজি হন। চিকিৎসককে গিয়ে জানান, তিনি সি সেকশন করার জন্য প্রস্তুত। নীনা বলেন, সেই টাকাটা এখনও তাঁর কাছে ম্যাজিকের মতোই মনে হয়। সেই টাকাটা না অ্যাকাউন্টে আসলে তিনি কী করতেন, জানতেন না।

সম্প্রতি আরও একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, একটা সময়ে তিনি জেদ করে একা মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বটে, কিন্তু সেটা হয়তো কিছু অংশে ভুল ছিল। নীনা বিশ্বাস করেন, একজন শিশুর বাবা ও মা ২জনকেই তার প্রয়োজন। নীনা স্পষ্টত জানিয়েছিলেন, ভিভের সন্তানের মা হলেও, তিনি ভিভ রিচার্ডসকে বিয়ে করতে পারেননি। কারণ ভিভ আগে থেকেই বিবাহিত ছিলেন।

(Feed Source: abplive.com)