)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিখ্যাত ইউটিউবার ও বিগ বস ওটিটি সিজ়ন ৩-এর প্রতিযোগী আরমান মালিক পঞ্চমবার বাবা হলেন। তার প্রথম স্ত্রী, পায়েল মালিক, তাদের চতুর্থ সন্তানের জন্ম দেয়। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে তিনি এই খুশির খবরটি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি করা মাত্র, তাদের ভক্তরা কমেন্ট সেকশনে দম্পতিকে শুভেচ্ছা জানায়।
আরমান সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘মা ও শিশু দুজনেই সুস্থ আছে’। ফোটোতে দেখা যায়, পায়েল হাসপাতালের বিছানায় শুয়ে আছে। এবং আরমান নবজাতককে কোলে ধরে রেখেছেন। ফোটোটি এমনভাবে নেওয়া হয়েছে যেখানে নবজাতককের মুখ দেখা যাচ্ছে না। তাছাড়াও ফোটোতে বোঝা যাচ্ছে না নবজাতক ছেলে না মেয়ে।
সোশ্যাল মিডিয়ার আরেকটি পোস্টে দেখা যায়, আরমান মালিকের দ্বিতীয় স্ত্রী নবজাতককে কোলে ধরে রেখেছেন।
খবরটি প্রকাশ্যে আসতেই, ভক্তদের থেকে অভিনন্দন বার্তা আসতে শুরু করে। কেউ কেউ কৌতূহলী হয়ে নবজাতক ছেলে না মেয়ে জিজ্ঞেস করেছিলেন। একজন লিখেছেন, ‘নবরাত্রি চলছে এবং মা দুর্গা আপনাকে তার আর্শীবাদ দিয়েছেন’। আরেকজন লিখেছেন, ‘যদি এটা ছেলে হয় তাহলে আরমান ও পায়েলের ত্রিদেব সম্পূর্ণ হল আজ। আর যদি মেয়ে হয়, তার মানে দেবী নিজে এসেছেন’।
এর আগে আরমান একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে হাসপাতালে তাকে পায়েলের ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে দেখা যায়। সেই সময়, তার দ্বিতীয় স্ত্রী, কৃতিকা মালিকেও পায়েলকে সহায়তা করতে দেখা যায়। গোটা পরিবার পঞ্চম সন্তানের আগমনের জন্য অপেক্ষা করছিল। আর আজ সেই সময় এসেছে।
আরমান মালিকের দুটি স্ত্রী আছে—পায়েল মালিক ও কৃতিকা মালিক। পায়েল সঙ্গে আরমানের ৪টি সন্তান রয়েছে। এবং কৃতিকা সঙ্গে আরমানের ১টি সন্তান রয়েছে।
(Feed Source: zeenews.com)
