জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৪ সালের ডিসেম্বর। ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি চলছিল অজিভূমে। সিরিজ চলাকালীন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwi) আচমকাই অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তাঁর ‘সাইন অফ’ হওয়ার সিদ্ধান্তে অনেকেই চমকে গিয়েছিলেন। এরপর ‘আন্না’ আইপিএলকেও গুডবাই বলেছিলেন।
আগেই বলেছিলেন অশ্বিন
দেশের কিংবদন্তি ক্রিকেটার অবসরের বিবৃতিতেই জানিয়েছিলেন যে, এবার বিশ্বের বিভিন্ন লিগেই নিজেকে পরখ করে দেখবেন তিনি। অশ্বিন এবার পাড়ি জমাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের দেশে (Donald Trump)। অশ্বিন এবার খেলবেন মেজর লিগ ক্রিকেটে (Major League Cricket)। সান ফ্রান্সিসকো ইউনিকর্ন (San Francisco Unicorns) তাঁর সঙ্গে চুক্তি করেছে। অশ্বিন ২০২৫-২৬ মরসুমে অস্ট্রেলিয়ার হয়ে বিগ ব্যাশ লিগ খেলবেন বলে সই করেছিলেন। তবে হাঁটুর চোটের অস্ত্রোপচারের কারণেই বিবিএল খেলা হয়নি তাঁর।
এই প্রথম বিদেশি লিগে অশ্বিন
মেজর লিগ ক্রিকেট খেলতে চলা প্রথম ভারতীয় আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে ইতিহাস লিখলেন কিংবদন্তি ভারতীয় অফ-স্পিনার। তাঁকে পেয়ে লিগ কমিটির চিফ এগজিকিউটিভ জনি গ্রেভ বললেন, ‘এই প্রথম ভারতের বাইরে কোনও বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় খেলবেন অশ্বিন। আর আমাদের লিগ যে প্রথম এমন উচ্চমানের খেলোয়াড়কে আকৃষ্ট করছে, তা প্রমাণ দেয় যে, ২০২৩ সালে যাত্রা শুরুর পর থেকে শেষ তিন বছরে লিগ কতটা বিকশিত হয়েছে।আমেরিকার বাজারে ক্রিকেটের অবস্থান আরও সুদৃঢ় হওয়ার গুরুত্ব অশ্বিন অনুধাবন করেছেন। তিনি বলেছেন, “আমরা বর্তমানে খেলার এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে বিশ্বজুড়ে খেলাটি ছড়িয়ে পড়ার লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করছে। আমার ধারণা, আগামী এক দশকে মানুষ কতটা স্বতঃস্ফূর্ত ভাবে এই খেলার সঙ্গে যুক্ত হতে চাইবে এবং কতজন এতে শামিল হতে আগ্রহী হবে, সে বিষয়টি অনেকটাই মানুষের নিজস্ব ইচ্ছাশক্তির ওপর নির্ভর করবে।’
অশ্বিনের আন্তর্জাতিক কেরিয়ার
১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ার অশ্বিনের। ক্রিকেটের সব সংস্করণ (প্রথম শ্রেণি-সহ) মিলিয়ে তিনি ২০৯৭ উইকেট নিয়েছেন। পাশাপাশি ১২৩৮৮ রান করেছেন। এবার দেখা যাক অশ্বিনকে দেখে কতজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এই এমএলসি-তে আসেন। ১৮ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে এমএলসি। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, এমআই নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো ইউনিকর্নস, সিয়াটেল অর্কাস, টেক্সাস সুপার কিংস এবং ওয়াশিংটন ফ্রিডম খেতাবি যুদ্ধে অংশ নেবে। গতবছর এমআই নিউ ইয়র্ক জিতেছিল শিরোপা।
(Feed Source: zeenews.com)
