Vaibhav Sooryavanshi: ‘একদম টার্গেট বেঁধে দেবেন না, ও এখনও বাচ্চা, ঠিক ভারতের হয়ে খেলবেই’

Vaibhav Sooryavanshi: ‘একদম টার্গেট বেঁধে দেবেন না, ও এখনও বাচ্চা, ঠিক ভারতের হয়ে খেলবেই’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজে আজ আর অচেনা নন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ক্রিকেট নিয়ে যাঁরা একটু-আধটুও আগ্রহ রাখেন, তাঁরাও ভালো ভাবেই জানেন যে, বিস্ফোরণ=বিস্ময় বালক বৈভব। বিগত এক বছরেরও বেশি সময় ধরে বিহারের ১৫ বছরের ক্রিকেটার, দেশের জার্সিতে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, যখন যেখানে পেরেছে তাণ্ডব করেছে। উনিশতম আইপিএলের শুরুতেও (IPL 2026) সেই চেনা মারকুটে অবতারেই ধরা দিয়েছে  রাজস্থান রয়্যালসের বৈভব। চেন্নাই সুপার কিংসের (RR vs CSK, IPL 2026) দাদা-কাকার বয়সি বোলারদের বেদম ঠেঙিয়েই আইপিএল রেকর্ড-সহ একাধিক রেকর্ড করেছে সে। গত ২৭ মার্চ বৈভব ১৫ বছরে পা দিয়েছে। ২০২০ সালে প্রবর্তিত আইসিসির নিয়ম অনুযায়ী সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্ট, ওডিআই, বা টি-টোয়েন্টিআই) অংশগ্রহণের জন্য একজন খেলোয়াড়ের বয়স কমপক্ষে ১৫ বছর হতেই হবে। যার মানে বৈভব এখন আন্তর্জাতিক লাইসেন্স পেয়ে গেল। ক্রিকেটমহলের একাংশে জোরাল দাবি উঠেছে যে, বৈভবের অবিলম্বে সিনিয়র টিমে ঢোকা উচিত। কিন্তু কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin) সাফ বলছেন, একদম তাড়াহুড়ো করার দরকার নেই। ঠিক সময়ে খেলবে। এখনও বৈভব বাচ্চাই।

অশ্বিন চেন্নাই-রাজস্থান ম্যাচে বৈভবের বিস্ফোরক ইনিংস দেখেছেন। তিনি তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘বৈভবকে সিনিয়র টিমে খেলার এরকম কোনও টার্গেটই বেঁধে দেবেন না। ও তো এখনও প্রাপ্তবয়স্কই হয়নি। এখনও বাচ্চা। এমএস ধোনি যদি ৪৪ বা ৪৫ বছর পর্যন্ত খেলতে পারে আর সূর্যবংশী যদি ৪০ বছর পর্যন্ত খেলে,তবে ক্রিকেটে তার সামনে এখনও আড়াই দশক সময় আছে। তাকে তার মতো থাকতে দিন। সঠিক সময় এলে সে নিজেই উঠে আসবে। ও এতটাই প্রতিভাবান যে, ও ভারতের হয়ে খেলবেই। তবে ও কবে খেলবে? ওর জন্য হয়তো আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। আমরা কেন সবসময় এত তাড়াহুড়ো করি? ওর বয়স সবে ১৫ বছর হল। আর ওমনি ও১৫ বলে ৫০ রান করে বসল—সে যেন তার বয়সেরই প্রতিচ্ছবি ফুটিয়ে তুলছে। মানে ভাবুন তো সূর্যবংশী কী দুর্দান্ত খেলোয়াড়! ওর ব্যাট স্পিডও কত দ্রুত! ওর সামনে সিএসকে-র কাছে যেন কোনও জবাবই ছিল না। মাঠে পুরো দলটাকেই কেমন নিস্তেজ ও হতোদ্যম মনে হচ্ছিল। রাজস্থান এতটাই দাপুটে পারফরম্যান্স দিয়েছে যে, তারা যেন গর্বের সঙ্গে ঘোষণা করে দিল-আমাদের দিকে তাকাও, এই প্রতিযোগিতায় আমরাও শক্তিশালী দল!’ অশ্বিন যা বললেন, তার সঙ্গে নিশ্চয়ই অনেকে সহমত হবেন।

(Feed Source: zeenews.com)