)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলে টানা দুটি ম্যাচে হারল কলকাতায়। এবার ঘরের মাঠে ইডেনে। টার্গেট ছিল ২২৭। হায়দরাবাদের বিরুদ্ধে ১৬১ রানেই অলআউট অজিঙ্ক রাহানেরা।
এদিন ইডেনে প্রথম ব্যাট করে হায়দরাবাদ। আগের ম্যাচে রান পাননি। কলকাতার বিরুদ্ধে সুযোগটা কিন্তু দারুণভাবে কাজে লাগালেন হায়দরাবাদের দুই ওপেনারই। হেড করলেন ২১ বলে ৪৬। মাত্র ২১ বল খেলে ৪৮ রান এল অভিষেকের ব্যাট থেকেও। তবে হেড আউট হতেই ছন্দপতন। পরপর আউট ঈশান, অনিকেত বর্মা। হেনরিখ ক্লাসেন সঙ্গে জুটি বেঁধে পরিস্থতি সামলে দেন নীতীশ। ২৪ বলে ৩৯ রান করেন তিনি। ৫ বলে ৫২ রানের ইনিংস খেললেন ক্লাসেন। সলিল অরোরা অবশ্য রান পাননি। শেষে ২২৬ রানে হায়দরবাদের ইনিংস।
টি-টোয়েন্টিতে ২২৭ রান বড় টার্গেট। শুরুটা ভালোই করেছিল কলকাতা। প্রথম ওভারেই ২৪ রান করে ফেলেন ফিন অ্যালেন। তবে ২৮ রানে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয় হর্ষ দুবের অসাধারণ ক্যাচে। চার ওভারে ৫০ রান পার করে কেকেআর। এরপর হাস্যকরভাবে রান আউট হন ক্যামেরন গ্রিন। ঈশান মালিঙ্গার বলে সোজা মারেন অঙ্গকৃষ রঘুবংশী। পা দিয়ে আটকান মালিঙ্গা। কিন্তু ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়েছিলেন দুই ব্যাটার। রান আউট করেন বোলার। প্রথমে রঘুবংশী সাজঘরের দিকে পা বাড়ালেও দেখা যায় ব্যাটাররা ক্রস করেননি। ফলে আউট হন গ্রিন।
৯ ওভারে একশো। তখনও পর্যন্ত লড়াইয়ে ছিল কলকাতা। রিঙ্কু সিংয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন উইকেটকিপার অঙ্গকৃষ। রিঙ্কু কিছুটা লড়লেন বটে, কিন্তু ফিনিশ করতে পারলেন না।
(Feed Source: zeenews.com)
