
৪ বন্ধুর গল্প, বেড়ে ওঠা, প্রেম, সম্পর্ক, মনের টানা…. আরও অনেক কিছুই মঞ্চে ফুটিতে তুলতেন এই নাটকের কলাকুশলীরা, যা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না সঠিকভাবে। চার বন্ধুর এক বন্ধুর চরিত্রেই অভিনয় করতেন রাহুল। অভিনেতার অকস্মাৎ মৃত্যুর পরের দিনই পরিচালক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, ‘যে জানলাগুলোর আকাশ ছিলো’-র শো তাঁরা বন্ধ করবেন না। আগামীতে অনেকগুলি শোয়ের চুক্তি রয়েছে এই নাটকের। প্রত্যেকটা শো-ই হবে নিয়মমাফিক। ওই যে.. ‘দ্য শো মাস্ট গো অন..’

কিন্তু কাকে দেখা যাবে টুবাইদা-র চরিত্রে? যাঁরা এই নাটক দেখেছেন, এমনকি দেখেন ও নি.. এই প্রশ্নের উত্তর জানতে চান প্রত্যেকেই। পরিচালত এবিপি লাইভ (ABP Live Bangla) বাংলাকে জানিয়েছেন, নাটকে যে চরিত্রে রাহুল অরুণোদয় অভিনয় করতেন, সেই চরিত্রে এবার দেখা যাবে অভিনেতা প্রতীক দত্তকে। প্রতীক দীর্ঘদিন থিয়েটারের সঙ্গে যুক্ত। ওয়েব সিরিজেও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অনির্বাণ ভট্টাচার্য্যের সঙ্গে ‘মন্দার’-এর চিত্রনাট্য ও লিখেছেন তিনি। এবার মঞ্চে ‘টুবাইদা’-র চরিত্রে দেখা যাবে প্রতীককে।

পরিচালক আরও জানিয়েছেন, প্রতীক এই নাটকটির সঙ্গে আগে যুক্ত ছিলেন না। কাজেই তাঁকে নতুনভাবে চরিত্রটি অভ্যাস করতে হচ্ছে। ইতিমধ্যেই জোরকদমে চলছে মহড়া। পরিচালক আরও বলেছেন, ‘প্রথমে ভেবেছিলাম, রাহুলদাকে শ্রদ্ধা জানিয়ে একটা স্মরণ সভা করব। কিন্তু তারপরে সিদ্ধান্ত নিলাম, স্মরণসভা করব না। রাহুলদা যে নেই, এ কথা বিশ্বাস করতে চাই না। তাই রাহুলদাকে মনে রেখে, আগামী ১০ এপ্রিল, দুপুর ১.৪৫-এ ‘যে জানলাগুলোর আকাশ ছিলো’-র এটি শো হবে। প্রবেশ থাকবে অবাধ। এরপরে এই নাটকের যা যা শো হওয়ার কথা ছিল, সেভাবেই এই শোগুলি চলবে। রাহুলদা আমাদের সঙ্গে থাকবে, ওর লেখা নাটকের অভিনয় বন্ধ হবে না।’
(Feed Source: abplive.com)
