Cyclone: এবার বঙ্গোপসাগরের বুকেই গুমরোচ্ছে বীভৎস সাইক্লোন; এপ্রিল জুড়েই ঘূর্ণিঝড়ের শঙ্কা

Cyclone: এবার বঙ্গোপসাগরের বুকেই গুমরোচ্ছে বীভৎস সাইক্লোন; এপ্রিল জুড়েই ঘূর্ণিঝড়ের শঙ্কা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশজুড়ে বেড়েছে গরমের দাপট (Heatwave)। সেই সঙ্গে রয়েছে বজ্রপাত ও শিলাবৃষ্টির (Thunderstorm Hailstorm) হানা। এমন পরিস্থিতিতে আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশের আবহাওয়া দফতর। চলতি মাসেই তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে তারা। আবহাওয়া দফতরের এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কালবৈশাখী শিলাবৃষ্টি

কী বলা হয়েছে এই বুলেটিনে? এতে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ১টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এ ছাড়া দেশে ৫-৭ দিন হালকা অথবা মাঝারি ভাবে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়-সহ বৃষ্টি বা বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহের স্পেল

আবহাওয়া অফিস জানিয়েছে, এপ্রিল মাসেই দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। পাশাপাশি বইতে পারে তাপপ্রবাহ! হতে পারে ২-৪টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) বা মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯°সে.) তাপপ্রবাহের স্পেল আসতে পারে।

এপার বাংলায়

বাংলায় একই রকম আবহাওয়া-সংবাদ! গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। শুক্র ও শনিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা। দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা। শুষ্ক আবহাওয়া; গরম, সঙ্গে অস্বস্তি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে। উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে।

কালবৈশাখী

তবে গরমের মধ্যে স্বস্তি দিতে আছে কালবৈশাখী। উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় কালবৈশাখীর সম্ভাবনা। সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। রবিবারে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনা পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনায়।

দক্ষিণবঙ্গে

দক্ষিণবঙ্গে শুক্রবার ও শনিবার মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। গরম চরমে উঠবে। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। এপ্রিলের শুরুতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।

উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে শুক্র ও শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি– পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। রবিবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। রবিবার থেকে বুধবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার ও বুধবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনা কিছু এলাকায়।

(Feed Source: zeenews.com)