‘ছেলেটা অন্তত জানুক, বাবা কেন চলে গেল’, রাহুলের মৃত্যুতে FIR দায়ের করছে আর্টিস্ট ফোরাম

‘ছেলেটা অন্তত জানুক, বাবা কেন চলে গেল’, রাহুলের মৃত্যুতে FIR দায়ের করছে আর্টিস্ট ফোরাম
কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)-এর মৃত্যুতে কী পদক্ষেপ নেবে টলিউড? কী সিদ্ধান্ত নেবে আর্টিস্ট ফোরাম, এ নিয়ে একাধিক বৈঠক চলেছে। সকলের প্রিয় অরুণোদয়ের চলে যাওয়াকে প্রত্যেকেই যেন ব্যক্তিগত ক্ষতি বলে মনে করছেন। এই বিষয় নিয়ে, বৃহস্পতিবার রাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বাড়িতে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। পাশাপাশি উপস্থিত ছিলেন দেব (Dev), নিসপাল সিংহ রানে, পরমব্রত চট্টোপাধ্যায়, ভরত কল ও অন্যান্যরা।

আর এবার, রাহুলের মৃত্যুতে FIR করার সিদ্ধান্ত নিল আর্টিস্ট ফোরাম। বলা বাহুল্য, এই বিষয়টা নিয়ে আলোচনা চলছিলই। অবশেষে আজ সিদ্ধান্ত নেওয়া হয়, আর্টিস্ট ফোরামের তরফ থেকে আগামীকাল দুপুরে রিজেন্ট পার্ক থানায় FIR দায়ের করা হবে। এই আগে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থাকে রাহুলের মৃত্যুর সঠিক কারণ জানতে চেয়ে চিঠি পাঠিয়েছিল আর্টিস্ট ফোরাম। আর এবার, আগামীকাল দায়ের করা হবে FIR। একটাই দাবি, কীভাবে ও কেন রাহুলের মৃত্যু হল, কেন অকালেই ঝরে গেল এক প্রতিভাবান অভিনেতার প্রাণ.. এই উত্তর জানতেই এই পদক্ষেপ, এমনটাই জানানো হয়েছে আর্টিস্ট ফোরামের তরফ থেকে।

শুক্রবার রাতে আর্টিস্ট ফোরামের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে লেখা হয়েছে, ‘গত ২৯শে মার্চ ২০২৬ ‘ভোলে বাবা পার করেগা’ নামক ধারাবাহিকের শুটিং চলার সময় আমাদের সকলের বন্ধু ও আর্টিস্টস্ ফোরামের সদস্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘটে। এমতাবস্থায় আমরা WBMPAF এর পক্ষ থেকে আইনি পরামর্শ নিয়ে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে চেয়ে MAGIC MOMENTS কে একটি চিঠি দিই 1ST APRIL. তার উত্তর গতকাল (2ND APRIL) পেয়েছি যাতে আমরা সন্তুষ্ট নই। আপনাদের অবগতির জন্য জানাই এরপর থেকেই Social Media এ নানান মতামত প্রকাশিত হতে থাকে। এমতাবস্থায় আমরা আবার আইনি পরামর্শ নিয়ে আগামীকাল দুপুরবেলা WBMPAF অফিসের সংশ্লিষ্ট থানায় FIR অভিযোগ জানাতে চলেছি রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে।’

এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘রাহুল চলে গিয়েছে, সে তো আর ফিরবে না। অন্তত ছেলেটা জানুক, বাবার মৃত্যু কীভাবে হল’। টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা ও কলাকুশলীরা বারে বারেই বলেছেন যে, রাহুলের মৃত্যু নিয়ে একাধিক ধোঁয়াশা রয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর যাতে পাওয়া যায়, তাই এই পদক্ষেপ।

(Feed Source: abplive.com)