জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মর্মান্তিক! একজন ব্যক্তি তার চার বছরের যমজ কন্যাসন্তানকে পারিবারিক ঝামেলার জেরে নৃশংসভাবে হত্যা করে। ঘটনাটি ঘটে শুক্রবার তেলেঙ্গানার করিমনগরে।
অভিযুক্তের নাম কাচ্ছু শ্রীসাইলাম। তিনি করিমনগর গ্রামের জুবিলী নগরের বাসিন্দা। ছয় বছর আগে, মৌনিকার সঙ্গে তার বিয়ে হয়। পরে দম্পতির যমজ কন্যাসন্তান হয়। তাদের নাম হল গীতাংশী ও গীতানভিকা। দুজনের বয়স চার বছর।
পুলিস ও পরিবারের সদস্যদের মতে, যমজ কন্যাসন্তানদের জন্মের পর থেকে শ্রীশৈলাম অসন্তুষ্ট ছিলেন। তিনি সবসময় একটি ছেলে চেয়েছিলেন। এই কারণেই শ্রীশৈলাম ও তার স্ত্রীয়ের মধ্যে ঝগড়া-বিবাদ হত। শুক্রবার সন্ধ্যায়, আরেকটি বিবাদের পর, শ্রীশৈলাম তার দুই মেয়েকে গ্রামের বাইরে ক্ষেতের দিকে নিয়ে যায়। পরিবার সন্দেহ করছে, সে তার দুই মেয়েকে কুয়োর মধ্যে ফেলে দেয়।
কুয়োর মধ্যে থেকে গীতাংশীর দেহ উদ্ধার করা হয়। কিন্তু গীতানভিকাকে প্রথমে খুঁজে পাওয়া যায় না। কয়েক ঘণ্টা তল্লাশির পর, পুলিসের সঙ্গে দক্ষ সাঁতারুরা দ্বিতীয় দেহটিকেও উদ্ধার করে।
ঘটনাটি যখন স্থানীয়রা জানতে পারে, তারা শ্রীশৈলামকে ধরে ফেলে এবং মারধর করে পুলিসের হাতে তুলে দেয়। এরপর থেকে তাকে পুলিস হেফাজতে নেওয়া হয়। কুয়োতে ফেলে দেওয়ার আগে খুদে দুটিকে কোনও বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে কি না পুলিস তা খতিয়ে দেখছে।
করিমনগর রুরাল সার্কেল ইন্সপেক্টর এ. নিরঞ্জন রেড্ডি জানান, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে, মূলত কন্যাসন্তান জন্ম নেওয়াকে কেন্দ্র করে পরিবারে বারবার ঝগড়া-বিবাদ হত। তিনি বলেন, ‘আমরা সব দিক খতিয়ে দেখছি, কুয়োয় ফেলার আগে শিশুদের বিষ খাওয়ানো হয়েছিল কি না, সেটাও তদন্ত করা হচ্ছে।’
অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বিজয় কুমার ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। আইন-শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
(Feed Source: zeenews.com)
