‘মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়’, রাহুলের মৃত্যুর পরে প্রিয়ঙ্কা

‘মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়’, রাহুলের মৃত্যুর পরে প্রিয়ঙ্কা
  • প্রিয়ঙ্কা সরকার স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
  • সোশ্যাল মিডিয়ায় তিনি চলচ্চিত্রের ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা বলেছেন।
  • রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দুর্ঘটনা হিসেবে চিহ্নিত।
  • প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ, টলিউডে বয়কটের সিদ্ধান্ত।

কলকাতা: নিরন্তর লড়াইয়ের ১ সপ্তাহ। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবরটা টেলিফোনে পেয়েছিলেন তিনি! তারপর থেকেই যেন এক ধাক্কায় অনেকটা বদলে গিয়েছে তাঁর জীবন। একদিকে স্বামীর মৃত্যুশোক, একমাত্র ছেলেকে সামলানোর গুরুদায়িত্ব, তার ওপর আইনি লড়াই। সব মিলিয়ে কার্যত ঝড় বয়ে গিয়েছে অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারের (Priyanka Sarkar)-এর ওপর দিয়ে। রাহুলের মৃত্যুসংবাদ পাওয়ার পরে, সোশ্যাল মিডিয়ায় একটিমাত্র পোস্ট করেছিলেন প্রিয়ঙ্কা। শোক সামলানোর জন্য কিছুটা সময় চেয়েছিলেন, আবেদন করেছিলেন একটু নিভৃতে থাকার। আর আজ, ৮ দিন পেরিয়ে প্রিয়ঙ্কাও যেন আরও শক্ত হয়েছেন, পাশাপাশি তাঁর চোখের সামনেই তোলপাড় হয়েছে টলিউড ও। 

সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কার পোস্ট

আজ সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেছেন প্রিয়ঙ্কা সরকার। সেখানে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ জানাই সকলকে, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য। গত ৭ তারিখে গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধল নিজেদের—একই ভাবনা, একই চিন্তা আর অফুরন্ত ভালোবাসায়। এখানে কোনও বিভাজন নেই, কোনো রাজনৈতিক রং নেই; নেই কোনো ব্যক্তিগত স্বার্থ বা আমিত্বের সংঘাত। এখানে শুধু একটাই সত্য—আমরা একটি পরিবার। পরিবারেরই একজন সদস্যের প্রতি গভীর স্নেহ আর মমতা থেকেই আজকের এই ঐক্যবদ্ধ লড়াই। রাহুলকে কেউ অভিনেতা হিসেবে ভালোবেসেছেন, কেউ চেনেন অরুণোদয় হিসেবে, আবার কেউবা ভালোবেসেছেন লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল।’

প্রিয়ঙ্কা আরও লিখেছেন, ‘তবে এই অকাল প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে; এটি যেন আরও বড় কোনো পরিবর্তনের সূচনা করে। তবেই এই মানুষটি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন, এটাই হবে তার প্রকৃত উত্তরসূরি বা লেগাসি। আমাদের লক্ষ্য হোক একটাই—ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। টেকনিশিয়ান হোন বা শিল্পী—মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়।’ (প্রিয়ঙ্কার পোস্ট অপরিবর্তিত রাখা হল)

রাহুলের দুর্ঘটনা ও তার পরবর্তী পদক্ষেপ

গত সপ্তাহের রবিবার, অর্থাৎ ২৯ মার্চ তালসারিতে ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র আউটডোরে গিয়েছিলেন তিনি। সেখানেই শ্যুটিং চলাকালীন সমুদ্রের জলে পড়ে যান রাহুল ও তাঁর সঙ্গে থাকা অভিনেত্রী শ্বেতা। অভিনেত্রীকে সঙ্গে সঙ্গে তোলা সম্ভব হলেও, তলিয়ে যান রাহুল। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, অন্তত ১ ঘণ্টা জলে ডুবে ছিলেন রাহুল। তাঁর ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। পাকস্থলী ও ফুসফুসে মিলেছে বালি ও নোনা জল। এই ঘটনায় প্রথমে রিজেন্ট পার্ক থানায় জিরো FIR দায়ের করা হয় আর্টিস্ট ফোরামের তরফ থেকে। এরপরে তালসারি থানায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রিয়ঙ্কা সরকার। এরপরে গত মঙ্গলবার গোটা টলিউডের মিটিংয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হয়, ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থা যতক্ষণ না রাহুলের মৃত্যুর স্পষ্ট কারণ পাবলিকালি জানাচ্ছে, ততক্ষণ এই সংস্থার সঙ্গে কোনও অভিনেতা অভিনেত্রী কাজ করবেন না। 

(Feed Source: abplive.com)