জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য় রেকর্ড। এক ইনিংসে ৯ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন ব্রাজিলের অলরাউন্ডার লরা কারদোসো। এর আগে, এক ইনিংসে সর্বোচ্চ উইকেট সংখ্যা ছিল ৮।
বোতসোয়ানায় মহিলাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সোথোর বিপক্ষে ম্যাচে অনন্য কীর্তি গড়ে ফেলেন কারদোসো। ব্রাজিল জিতল ১৮৯ রান। যা ব্রাজিলের তৃতীয় বৃহত্তম জয়। এদিন প্রথমে ব্যাট করে ব্রাজিল। ৮ উইকেটে ২০২ রান তোলে তারা। ব্যাট হাতে অবশ্য বেশি রান করতে পারেননি কারদোসো। আউট হয়ে যান মাত্র ৪ রানেই। কিন্তু বল হাতে নেমেই বিধ্বংসী হয়ে ওঠেন সেই কারদোসোই। দ্বিতীয় ওভারেই হ্য়াটট্রিক। চতুর্থ ওভারে মাত্র ৫ বলের ব্যবধানে আরও চার উইকেট। শেষে ষষ্ঠ ওভারে আরও ২ উইকেট নিয়ে তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভারে ২ মেডেন, ৪ রান দিয়ে ৯ উইকেট!
এক সময়ে তো মনে হচ্ছিল, ১০ উইকেটই নিজের ঝুলিতে পুড়ে ফেলবেন কারদোসো। কিন্তু অল্পের জন্য় সেই কীর্তি গড়তে পারলেন না তিনি। একটি উইকেট নিলেন অন্য বোলার। মাত্র ১৩ রানে অলআউট হয়ে যায় লেসোথো। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ব্রাজিল। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে।
(Feed Source: zeenews.com)
