আইপিএলের মাঝেই দুঃসংবাদ, প্রয়াত টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার, শোক প্রকাশ বিসিসিআই সভাপতির

আইপিএলের মাঝেই দুঃসংবাদ, প্রয়াত টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার, শোক প্রকাশ বিসিসিআই সভাপতির

Former Indian Cricketer Died: অআইপিএলের মাঝেই এল দুঃসংবাদ। প্রয়াত হলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার। ঐতিহাসিক দলের সদস্য ছিলেন তিনি।

প্রয়াত ভারতীয় ক্রিকেটার

আইপিএলের মাঝেই এল দুঃসংবাদ। প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সিডি গোপীনাথ। তিনি ১৯৫২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট জয়ের দলের শেষ জীবিত সদস্য ছিলেন। ক্রিকেট জীবন শেষ করার পর তিনি নির্বাচক ও দলীয় ম্যানেজার হিসেবেও ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন। চেন্নাইয়ের আদয়ারে মেয়ের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

গোপীনাথ ১৯৫১-৫২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রথম টেস্ট ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেন। সেই ম্যাচে তিনি অপরাজিত ৫০ এবং ৪২ রান করেন। তিনি ১৯৬০ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ৯ বছরের কেরিয়ারে তিনি ৮টি টেস্ট ম্যাচে ২৪২ রান করেন এবং ১টি উইকেট নেন। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৩টি ম্যাচে ৪২৫৯ রান করেন, যেখানে ছিল ৯টি শতরান ও ২৩টি অর্ধশতরান। সেই সঙ্গে ১৪টি উইকেটও নেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে ভারতের ঐতিহাসিক জয়ে গোপীনাথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই ম্যাচে তিনি ৩৫ রান করেন এবং বীনু মানকড়ের বলে ব্রায়ান স্ট্যাথামের একটি গুরুত্বপূর্ণ ক্যাচ নেন। সেই ম্যাচে মানকড় প্রথম ইনিংসে ৮টি এবং দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নিয়েছিলেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিথুন মনহাস গোপীনাথের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন,”গোপীনাথ এমন এক সময়ের প্রতিনিধি ছিলেন, যখন ভারতীয় ক্রিকেট আন্তর্জাতিক মঞ্চে নিজের পরিচয় তৈরি করছিল।” অন্যদিকে তামিলনাড়ু ক্রিকেট সংস্থাও শোক প্রকাশ করে জানিয়েছে, ভারতীয় ক্রিকেটের এই পথপ্রদর্শকের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সিডি গোপীনাথ প্রয়াণে ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা।